Bartaman Logo
৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কামারহাটি পুরসভার চেয়ারম্যান হলেন বিজেপি নেত্রী লকেটের দাদা

কামারহাটির নতুন চেয়ারম্যান হলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের দাদা সুশান্ত চট্টোপাধ্যায়। রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে। বিস্তারিত পড়ুন।

কামারহাটি পুরসভার চেয়ারম্যান হলেন বিজেপি নেত্রী লকেটের দাদা
  • ৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: সমীকরণ তৈরি ছিল। সেই রুটম্যাপ অনুযায়ী শুক্রবার কামারহাটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের দাদা তথা নির্দল কাউন্সিলার সুশান্ত চট্টোপাধ্যায়। এদিন পুরবোর্ডের বৈঠকে উপস্থিত ২৭ কাউন্সিলার সর্বসম্মতিতে সুশান্তবাবুকে চেয়ারম্যান নির্বাচিত করেন। 

Advertisement

আগামী এক সপ্তাহের মধ্যে নতুন করে ভাইস চেয়ারম্যান ও সিআইসি (চেয়ারম্যান ইন কাউন্সিল) নির্বাচন হবে। সূত্রের খবর, ভাইস চেয়ারম্যান হবেন সৌমিত্র পুততুণ্ডু। তিনি বর্তমানে সিআইসি পদে রয়েছেন। সারা রাজ্যে একের পর এক পুরবোর্ড ভাঙার আবহে কামারহাটিতে নতুন পুরবোর্ড গঠন রাজনৈতিক মহলে জল্পনা তীব্র করেছে।
কামারহাটি পুরসভার মোট ৩৫ জন কাউন্সিলারের মধ্যে তৃণমূল সমর্থিত নির্দল কাউন্সিলার তিনজন। বাকি ৩২ জন তৃণমূলের। তাঁদের মধ্যে দু’জন কাউন্সিলার আগেই মারা গিয়েছেন। পালাবদলের পর পুরসভার চেয়ারম্যান তথা ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গোপাল সাহা চেয়ারম্যান ও কাউন্সিলার পদ থেকে পদত্যাগ করেছিলেন। এছাড়াও ৮ নম্বর ওয়ার্ডের দীপাংশু ঘোষাল, ১৯ নম্বর ওয়ার্ডের লক্ষ্মী বিশ্বাস ও ২৭ নম্বর ওয়ার্ডের শ্যামল চক্রবর্তী কাউন্সিলার পদ থেকে পদত্যাগ করেন। ফলে এই মুহূর্তে নির্দল তিন কাউন্সিলার ছাড়াও রয়েছেন তৃণমূলের কাউন্সিলার রয়েছেন ২৬ জন। গোপালবাবু পদত্যাগ করতেই কামারহাটির রাজনীতিতে নয়া সমীকরণ তৈরি হয়। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের দাদা তথা ১৫ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলার সুশান্ত চট্টোপাধ্যায়কে চেয়ারম্যানের মুখ করা হয়। লকেটদেবীর সঙ্গে একাংশের কথাও হয়। তিনি গত সোমবার কামারহাটির অপর নির্দল কাউন্সিলার তথা ‘বাহুবলী’ বলে পরিচিত বাবু মণ্ডলের রথযাত্রার স্নানযাত্রা উৎসবে হাজির হয়েছিলেন। 
শুক্রবার বিকালে চেয়ারম্যান নির্বাচনের বোর্ড মিটিং ডাকা হয়েছিল। সেই বৈঠকে দুই তৃণমূল কাউন্সিলার নির্মলা রাই ও মানস গুপ্ত ছাড়া বাকি ২৪ জন তৃণমূল কাউন্সিলার ও তিনজন নির্দল কাউন্সিলার হাজির ছিলেন। তৃণমূল কাউন্সিলার ভারতী স্বর্ণকার চেয়ারম্যান হিসাবে সুশান্তবাবুর নাম প্রস্তাব করেন। বাকিরা তাতে সমর্থন জানান। সুশান্তবাবু বলেন, শহরবাসীর স্বার্থে রাজ্য সরকারের প্রকল্প ও নির্দেশকে মান্যতা দিয়ে পুরবোর্ড চলবে। নাগরিক পরিষেবা সচল রাখার পাশাপাশি অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি, বেহাল রাস্তা সংস্কার ও বেআইনি নির্মাণের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে। বিজেপি নেতা অরূপ চৌধুরী বলেন, ‘কামারহাটি পুরসভায় বিজেপির কোনো কাউন্সিলার নেই। চোরদের দলের নতুন সর্দার কে হলেন, তা নিয়ে আমাদের কোনো কৌতূহল নেই। চুরি, দুর্নীতি, তোলাবাজি, অত্যাচার ও বেআইনি নির্মাণের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।’  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ