Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কনকনে শীতে কল্যাণী লেকে উপচে পড়া ভিড়, টয় ট্রেন ও বোটিংয়ে মজলেন পর্যটকরা

নতুন বছরের প্রথম রবিবার আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে উঠল কল্যাণীর লেক পার্ক এলাকা। কল্যাণী পুরসভা পরিচালিত পার্কে সকাল থেকে পরিবার-পরিজন নিয়ে অসংখ্য মানুষ ভিড় করেন।

কনকনে শীতে কল্যাণী লেকে উপচে পড়া ভিড়, টয় ট্রেন ও বোটিংয়ে মজলেন পর্যটকরা
  • ৫ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: নতুন বছরের প্রথম রবিবার আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে উঠল কল্যাণীর লেক পার্ক এলাকা। কল্যাণী পুরসভা পরিচালিত পার্কে সকাল থেকে পরিবার-পরিজন নিয়ে অসংখ্য মানুষ ভিড় করেন। কনকনে শীতের আমেজে লেক চত্বরে ছোটোখাটো উৎসবের পরিবেশ তৈরি হয়। দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ টয় ট্রেন ও লেকের জলে বোটিং। শিশু থেকে প্রবীণ সকলে আনন্দ উপভোগ করেন। পাশাপাশি পর্যটকদের বাড়তি পাওনা হিসেবে ছিল ভারত দর্শন ও বিধান রায় আর্কাইভ। সেখানে দেশের ইতিহাস ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জীবন ও কর্ম তুলে ধরা হয়েছে। এছাড়াও ছোটদের বিনোদনের জন্য ছিল আধুনিক মানের বিভিন্ন গেম ও রাইড। এদিন প্রায় ৬০টি টিম পিকনিক করেছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তাঁরা আসেন পিকনিক করতে। সবমিলিয়ে প্রায় তিন হাজার মানুষ আসেন। বর্তমানে লেক চত্বরে তৈরি হচ্ছে ওয়াক্স মিউজিয়াম। যা আগামী দিনে দর্শনার্থীদের কাছে বড় আকর্ষণ হয়ে উঠবে। আধুনিক একটি কাফে বাড়তি আকর্ষণ যোগ করেছে। বিনোদন ও পর্যটনের মানচিত্রে কল্যাণী লেক ক্রমশ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কল্যাণী পুরসভা সূত্রে জানা গিয়েছে, গতবছরের তুলনায় চলতি বছর এখনও পর্যন্ত লেক থেকে আয় বেশি হয়েছে। এই লেক থেকে বছরে প্রায় ৮০ লক্ষ টাকা আয় করেছে পুরসভা। পুরসভার চেয়ারম্যান নীলিমেশ রায়চৌধুরী বলেন, ‘এই লেক পুরসভার অন্যতম আয়ের উৎস। পর্যটকদের কাছে আকর্ষণীয় করতে আরও সাজানোর পরিকল্পনা হচ্ছে।’ এদিন কল্যাণী শহরের পিকনিক গার্ডেন, কল্যাণী ব্লকের চরসরাটি নদীর পাড়, চাকদহে মুকুন্দনগর ঘাটে ও হরিণঘাটায় বিসিকেভি’র মন্ডৌড়ি ফার্মে বহু পর্যটক পিকনিক করতে আসেন।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ