নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যত কাণ্ড ফেডারেশনে। বর্তমান সভাপতি কল্যাণ চৌবের নাম প্রতিনিধি হিসাবে ঘোষণা করেছিল দমন ও দিউ। এর ২৪ ঘণ্টার মধ্যেই উলটপুরাণ। সিদ্ধান্ত প্রত্যাহার করল তাদের ফুটবল সংস্থা। অর্থাৎ সর্বভারতীয় ফুটবল সংস্থার নির্বাচনে কল্যাণ চৌবের অংশগ্রহণই ঘোর অনিশ্চিত। আগামী ২০ ডিসেম্বর সংস্থার নির্বাচন। আগামীতে ভারতীয় ফুটবলের ব্যাটন কার হাতে থাকবে? তা স্থির হবে ওইদিনই। সূত্রের খবর, প্রাক্তন সভাপতি প্রফুল প্যাটেল কামব্যাক করতে পারেন। উত্তরপ্রদেশ ফুটবল সংস্থার সভাপতি অরবিন্দ মেননের নামও হাওয়ায় ভাসছে। ডিসেম্বরের শুরুতে মনোনয়ন জমা দেওয়া শুরু হবে। তার আগে প্রতিনিধি বাছাইয়ের পালা। ফেডারেশনের নিয়ম অনুযায়ী প্রতিটি রাজ্য সংস্থা দু’জন প্রতিনিধির নাম পাঠাতে পারে। আইএফএ থেকে ইতিমধ্যেই সুব্রত দত্ত ও অনির্বাণ দত্তের নাম জমা পড়েছে। তবে বঙ্গ ফুটবল সংস্থাতেও নির্বাচন আসন্ন।
ফেডারেশন সভাপতি কে হবেন? রাজধানীর ফুটবল হাউসে নানা সমীকরণ উঁকি মারছে। গুজরাত রাজ্য সংস্থা থেকে ফেডারেশনে এসেছিলেন কল্যাণ। এবার তাঁর পাশে নেই গুজরাত। এরপর দমন ও দিউ নিজেদের প্রতিনিধি হিসাবে ওয়াল্টার পেরেরা, আলতামাস শেখের নাম পাঠিয়েছিল। পরদিন ই-মেল মারফত তারা এই দু’জনের পরিবর্তে কল্যাণ চৌবেকে মনোনয়ন দেয়। এরপরেই ফের সিদ্ধান্ত বদল। দমন ও দিউ জানাল, তাদের আগের সিদ্ধান্তকেই বহাল রাখা হচ্ছে। রাতারাতি এই পালাবদল কেন? জোর গুঞ্জন, এর আগে গেরুয়া শিবিরের আশীর্বাদ নিয়ে ফেডারেশন সভাপতির চেয়ারে বসেছিলেন কল্যাণ। তবে কী শাসক দলের আস্থা হারাচ্ছেন তিনি?
এদিকে, সোমবার প্রস্তুতি ম্যাচে বড়ো জয় পেল মোহন বাগান। যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে সুখচর এফসিকে ৭ গোলের মালা পরাল পানোস ব্রিগেড। দুরন্ত হ্যাটট্রিকে ছন্দে ফেরার ইঙ্গিত দিলেন জেমি ম্যাকলারেন। পাশাপাশি জোড়া গোল কিয়ান নাসিরির। আইএসএলের পরবর্তী ম্যাচে ২২ নভেম্বর গোয়ায় চার্চিল ব্রাদার্সের মুখোমুখি হবে মোহন বাগান। তার আগে দলে চোট সমস্যা কাটিয়ে ওঠাই প্রধান লক্ষ্য বাগান কোচের। তবে পরের ম্যাচেও অনিশ্চিত মিগুয়েল।



