সংবাদদাতা, কালনা: রাজ্যস্তরে রাইফেল প্রতিযোগিতায় বাজিমাত কালনা শহরের লালবাগানপাড়ার ছোট্ট মেয়ে সৃজিতার। গত ২৪ থেকে ৩১ আগস্ট আসানসোলে স্টেট চ্যাম্পিয়ানশিপ শ্যুটিং প্রতিযোগিতার আসর বসেছিল। কালনা শহরের মহিষমর্দিনী গার্লস ইনস্টিটিউশনের সপ্তম শ্রেণির ছাত্রী সৃজিতা চট্টোপাধ্যায় এই প্রতিযোগিতায় সাব ইয়ুথ ও ইয়ুথ বিভাগে রুপো ও ব্রোঞ্চ পদক জিতেছে। এই সাফল্যের সুবাদে ১৫-১৬ সেপ্টেম্বর পাটনার নালন্দায় ইষ্ট জোনে খেলার সুযোগ পেয়েছে এই মেয়ে। কালনা শহরের সাত নম্বর ওয়ার্ডের লালবাগান পাড়ার সৃজিতার দশ বছর বয়স থেকেই রাইফেল শ্যুটিংয়ে ঝোঁক। মেয়ের বন্দুক চালানোয় উৎসাহ দেখে প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করে দেন বাবা সোমনাথ চট্টোপাধ্যায়। গত বছর ওপেন স্কুল গেমস শ্যুটিংয়ে অংশ নিয়ে রুপো জেতে সৃজিতা। এবার ওয়েষ্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজ্যস্তরে রাইফেল ও পিস্তল শ্যুটিং প্রতিযোগিতার আসর বসে আসানসোলে। সাব ইয়ুথ রাইফেল বিভাগে রুপো ও ইয়ুথ বিভাগে ব্রোঞ্চ পেয়ে সবার নজর কেড়েছে এই ছোট্ট মেয়ে। ছিপছিপে চেহারার সৃজিতার আক্ষেপ, এক পয়েন্টের জন্য আর একটি পদক হাতছাড়া হয়েছে। আগামীতে আরও ভালো করে প্রশিক্ষণ নিয়ে জাতীয় স্তরে খেলাই লক্ষ্য তাঁর।



