Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বজবজে কালীবাড়ির রথ সংস্কার

বজবজে কালীবাড়ির রথ সংস্কার
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিমল বন্দ্যোপাধ্যায়, বজবজ: ১৯৯০ সালে শেষবার বজবজের চিত্রগঞ্জ কালীবাড়ির রথ জগন্নাথকে নিয়ে পথে নেমেছিল। তারপর টানা ৩৪ বছর রথটি চিত্রগঞ্জ কালীবাড়ি প্রাঙ্গণে ভগ্নদশায় পড়েছিল। ৩৪ বছর ধরে এলাকার বাসিন্দারা রথের দড়ি না ছুঁতে পেরে মনোকষ্টে ভুগছিলেন। এবার ২০২৫ সালে ভগ্নপ্রায় রথ নতুন করে তৈরি শুরু হয়েছে। রথের দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে রাজপথে নামবে। জানা গিয়েছে, প্রায় দু’লক্ষ টাকা খরচ করে নিম ও সেগুন কাঠ দিয়ে রথ তৈরি হচ্ছে কালীবাড়ি প্রাঙ্গণে। সেটির নীচের অংশ লোহার এবং উপরের অংশ কাঠের। স্মৃতি হিসেবে তিনটি লোহার চাকা লাগানো হচ্ছে। এসেছে পুরী থেকে কারিগর। চিত্রগঞ্জ কালীবাড়ি কমিটির সাধারণ সম্পাদক সঞ্জিত দাস বলেন, রথটি ছিল বজবজ পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ময়রা বাড়ির। প্রায় দুশো বছর বয়স। ১০০ বছর আগে ময়রা পরিবার চিত্রগঞ্জ কালীবাড়িকে রথ দান করেছিল। কাঠ দিয়ে বাংলা নকশায় তৈরি ১৪ ফুট উঁচু রথ। সেটির পুরনো কাঠামো দুর্বল হয়ে গিয়েছিল। ধীরে ভাঙতে থাকে। এ বছর বজবজ পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত এবং বিধায়ক অশোক দেব নতুন করে রথ তৈরি করে রাজপথে বের করার আগ্রহ দেখান। কমিটির বৈঠক ডেকে সিদ্ধান্ত নেওয়া হয়। এক ভক্ত মোটা অঙ্কের টাকা দেওয়ার অঙ্গীকার করেন। এখন জোরকদমে কাজ চলছে। গতবছর পুরী থেকে নিমকাঠের জগন্নাথ, বলরাম ও সুভদ্রা আনা হয়েছে। দেবতাদের প্রতিষ্ঠা করে নিত্যপুজো ও ভোগ হয়। এবার রাজপথে দেড় কিমি পরিক্রমা করে বজবজ চৌরাস্তাতে শিবমন্দিরে অবস্থান করবে। সাতদিন থাকবে। সেখানে পুজো, ভোগ দেওয়া হবে। হবে ভাগবত পাঠ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ