সংবাদদাতা, আলিপুরদুয়ার: গত বছরের ডিসেম্বরে বন্ধ হয়েছিল কালচিনির রায়মাটাং চা বাগান। বাগান বন্ধের ১০ মাস পরেও বন্ধ রায়মাটাংয়ের শ্রমিকদের ফাউলাই চালু হয়নি। একদিকে বাগান বন্ধ অন্যদিকে ফাউলাই চালু না হওয়ায় রায়মাটাংয়ের ১৩০০ শ্রমিক অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে বলে অভিযোগ। তাই পুজোর মুখে শ্রমিকরা ফাউলাইয়ের দাবিতে সোচ্চার হয়েছেন। গত সোমবার বাগানে শ্রমিকরা এই দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন। বিক্ষোভে বাগানের মহিলা শ্রমিকদের উপস্থিতি ছিল নজরে পড়ার মতো।
যদিও রায়মাটাংয়ের শ্রমিকদের ফাউলাই চালু হতে বিলম্বের জন্য এলাকার বিধায়ক রাজ্যের স্বরাষ্ট্র, পার্বত্য বিষয়ক, সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা প্রতিমন্ত্রী বিশাল লামা বিগত তৃণমূল সরকারকেই দায়ী করেছেন। তিনি বলেন, বিগত সরকারের ব্যর্থতার কারণে রায়ামাটাংয়ের শ্রমিকদের ফাউলাই পেতে দেরি হচ্ছে। তবে সমস্যা কেটে গিয়েছে। রায়মাটাংয়ের শ্রমিকদের দ্রুত ফাউলাইয়ের সুবিধা দিতে নিজেই উদ্যোগী হয়েছেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং।
প্রসঙ্গত, বন্ধ বাগানের শ্রমিকদের ফাউলাইয়ের অনুদান হিসেবে প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হয়। এদিন ফাউলাইয়ের দাবিতে দেড় ঘণ্টা ধরে শ্রমিকরা বাগানে বিক্ষোভ দেখান। বাগানের শ্রমিক আমির জিম্বা বলেন, একদিকে বাগান খুলছে না, অন্যদিকে ফাউলাইয়ের সুবিধাও আমাদের মিলছে না। পুজোর মুখে কীভাবে আমাদের দিন কাটছে প্রশাসনের লোকজন তার কোনো খোঁজখবর করছেন না। শ্রমদপ্তরের এক আধিকারিক অবশ্য বলেন, ফাউলাইয়ের জন্য রায়মাটাং বাগানের শ্রমিকদের নাম চার মাস আগে পাঠানো হয়েছে রাজ্যস্তরের ফাউলাই স্ক্রিনিং কমিটিতে। ওই স্ক্রিনিং কমিটির সবুজ সংকেত মিললেই শ্রমিকদের ফাউলাইয়ের সুবিধা মিলবে। আশা করছি পুজোর আগেই এই সবুজ সংকেত মিলবে।