নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: তৃণমূলের গড় দক্ষিণ ২৪ পরগনায় ফাটল ধরিয়ে ১১টি আসনে জিতেছে বিজেপি। ফলে মন্ত্রিসভাতেও ঠাঁই পেয়েছে এই জেলার প্রতিনিধি। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ক্যাবিনেটে জায়গা পেয়েছেন কাকদ্বীপের বিধায়ক দীপঙ্কর জানা। তিনি প্রতিমন্ত্রী হয়েছেন। দপ্তর বণ্টন হবে বুধবার। প্রথমবার মন্ত্রী হয়েই বাবা-মাকে এই সম্মান উৎসর্গ করলেন বিধায়ক। তিনি বলেন, আমি মন্ত্রী হওয়ায় বিজেপির কাছে কৃতজ্ঞ। বাবা গঙ্গাধর জানা এবং মা বীণাপানি জানার বয়স হয়েছে। তাঁদের সহায়তা ছাড়া আমি আজ এই জায়গায় পৌঁছতাম না। তাই এই মন্ত্রিত্ব তাঁদের উৎসর্গ করলাম।
২০১৬ থেকে ২০২১ সাল, তৃণমূল সরকারের আমলে কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা সুন্দরবন উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছিলেন। মাঝে পাঁচ বছরের বিরতি। এই সময় সাগরের বঙ্কিম হাজরা ছিলেন এই দপ্তরের মন্ত্রী। ফের মন্ত্রী ফিরে পেলেন কাকদ্বীপের বাসিন্দারা। তাঁকে কোন দপ্তর দেওয়া হবে, তা এখনও স্থির হয়নি। যদিও পূর্ব ইতিহাস বলছে, সাধারণত এই অঞ্চল থেকে কেউ মন্ত্রিসভায় ঠাঁই পেলে, তাঁকে সুন্দরবন উন্নয়ন দপ্তরই দেওয়া হয়। এবার সেই ট্র্যাডিশন বজায় থাকে কি না, তা জানা যাবে বুধবার। কারণ ওইদিনই দপ্তর বণ্টন হবে মন্ত্রীদের।
মন্ত্রী হিসাবে দীপঙ্করবাবুর শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পরই কাকদ্বীপের বিভিন্ন জায়গায় উল্লাসে ফেটে পড়েন বিজেপির কর্মী-সমর্থকরা। ঠিক হয়েছে, নতুন মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে। ২০২১ সালে প্রথম ভোটে দাঁড়িয়েছিলেন দীপঙ্করবাবু। সেবার তৃণমূলের কাছে পরাস্ত হয়েছিলেন তিনি। পাঁচ বছর বাদে সেই একই প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে বিধায়ক হন তিনি। এই জেলা থেকে আরও কয়েকজনের নাম মন্ত্রিত্বের দৌড়ে ভেসে উঠেছিল। কিন্তু সেসব জল্পনা উড়িয়ে বিজেপি সরকার বেছে নিল কাকদ্বীপের দীপঙ্করবাবুকেই।