Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ছাত্রীর মৃত্যুতে তেলেঙ্গানা থেকে ধৃত কাকদ্বীপের আইনজীবী

চেম্বারে ছাত্রী মৃত্যুর প্রায় এক সপ্তাহ পর তেলেঙ্গানা থেকে গ্রেফতার করা হল অভিযুক্ত আইনজীবী শেখ মনোয়ার আলমকে। সেখানে একটি বাড়ি থেকে তাঁকে বুধবার রাতে পাকড়াও করা হয়

ছাত্রীর মৃত্যুতে তেলেঙ্গানা থেকে  ধৃত কাকদ্বীপের আইনজীবী
  • ২১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: চেম্বারে ছাত্রী মৃত্যুর প্রায় এক সপ্তাহ পর তেলেঙ্গানা থেকে গ্রেফতার করা হল অভিযুক্ত আইনজীবী শেখ মনোয়ার আলমকে। সেখানে একটি বাড়ি থেকে তাঁকে বুধবার রাতে পাকড়াও করা হয়। ট্রানজিট রিমান্ডে তাঁকে রাজ্যে নিয়ে আসা হবে। পুলিশ সূত্রে খবর, গত বুধবার ঘটনার দিন গাড়িতে করে তিনি প্রথমে কলকাতায় চলে যান। এরপরই গা ঢাকা দেওয়ার জন্য ট্রেন ধরে ভিন রাজ্যে পালিয়ে যান। বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ এই বিষয়ে নিশ্চিত হয়ে গিয়েছিল। তখনই তাঁর সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। এমনকি পুলিশের পক্ষ থেকে লুক আউট নোটিশ জারি করা হয়েছিল। পুলিশের অনুমান ছিল, মানোয়ার বিদেশে পালিয়ে যেতে পারেন। পুলিশ তাঁর পরিবারের সদস্যদের ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। ঘনিষ্ঠমহলের মোবাইলের নম্বর ট্র্যাপ করা হচ্ছিল। ইলেকট্রনিক্স সার্ভিলেন্সের মাধ্যমে পুরো বিষয়টি ট্র্যাক করা হয়। শেষ পর্যন্ত জানা যায়, মানোয়ার তেলেঙ্গানায় তাঁর এক পুরোনো বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছেন। এই বিষয়ে নিশ্চিত হওয়ার পরই সোমবার সুন্দরবন পুলিশ জেলার একটি টিম তেলেঙ্গানায় পাড়ি দেয়। বুধবার রাতে স্থানীয় থানার সহযোগিতায় সেখান থেকে তাঁকে গ্রেফতার করা হয়। সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও বলেন, ‘মানোয়ারকে গ্রেফতার করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে তাঁকে এখানে নিয়ে আসা হবে। এরপরই জিজ্ঞাসাবাদ শুরু হবে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ