Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কড়া শাস্তির মুখে বেলিংহ্যাম

কড়া শাস্তির মুখে বেলিংহ্যাম
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মাদ্রিদ: লা লিগায় শেষ তিন ম্যাচে জয়ের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। শনিবার অ্যাওয়ে ম্যাচে ওসাসুনার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে কার্লো আনসেলোত্তি ব্রিগেড। খেতাবি দৌড়ে একটা সময় সাত পয়েন্টে এগিয়ে থাকলেও, তা এখন অনেকটাই কমে এসেছে। এরই মধ্যে রিয়াল কোচকে চিন্তায় ফেলেছে শনিবার দলের গুরুত্বপূর্ণ ফুটবলার জুড বেলিংহ্যামের লাল কার্ড দেখে মাঠ ছাড়া। ম্যাচের ৩৮ মিনিটে রেফারির উদ্দেশ্যে কিছু একটা বলতে দেখা যায় ইংলিশ ফুটবলারটিকে। আর তাতেই সরাসরি লাল কার্ড দেখেন তিনি। এমনকী, রিপোর্টে তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগও করেছেন রেফারি। ফলে বড়সড় শাস্তির মুখে পড়তে চলেছেন বেলিংহ্যাম। মনে করা হচ্ছে, ৪-১২ ম্যাচের জন্য নির্বাসিতও হতে পারেন। 
Advertisement
রিয়াল শিবিরের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বেলিংহ্যাম রেফারিকে যে শব্দটি বলেছেন, তার অর্থ হচ্ছে বিরক্তিকর। কিন্তু সে জন্য লাল কার্ড দেখানোটা মোটেই কাম্য নয়। কোচ আনসেলোত্তি বলেন, ‘রেফারি হয়তো ইংরেজিটা ঠিক মতো বুঝতে পারেননি। বেলিংহ্যাম যেটা বলেছে, সেটার মানে কখনওই খারাপ হতে পারে না। এখানে তিনি বুঝতে ভুল করেছেন। তার জন্য এমন শাস্তি মেনে নেওয়া যায় না। শুধু তাই নয়, গত কয়েক ম্যাচেই রেফারির ভুল সিদ্ধান্তে ভুগতে হচ্ছে আমাদের।’ উল্লেখ্য, শনিবার কিলিয়ান এমবাপের গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিল রিয়াল। তবে দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ওসাসুনাকে সমতায় ফেরান আন্তে বুদিমির।
Advertisement
সম্পর্কিত সংবাদ