সংবাদদাতা, পুরুলিয়া: আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে প্রতি সপ্তাহেই পুরুলিয়া জেলায় নানা প্রকল্পের শিলান্যাস হবে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সূচনা হবে আগামী দু’ মাসে। রেলের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা জানান পুরুলিয়া এমপি তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। বিগত বছরগুলিতে শুধু ভাঁওতাবাজি হয়েছে বলেও কটাক্ষ করেন পুরুলিয়ার এমপি।
প্রসঙ্গত, সোমবার সাঁতরাগাছি থেকে খাতিপুরা পর্যন্ত নতুন একটি ট্রেনের সূচনা হয়। সেই উপলক্ষ্যেই সোমবার রাতে পুরুলিয়া স্টেশনে রেলের পক্ষ থেকে একটি অনুষ্ঠান হয়। সেখানেই উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি সেখানেই কেন্দ্র ও বর্তমান রাজ্য সরকারের কাজের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি বিগত সরকারগুলির সমালোচনাও করেন। এমপি বলেন, আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে প্রতি সপ্তাহে কেন্দ্র বা রাজ্য সরকারের প্রকল্পের শিলান্যাস বা উদ্বোধন কর্মসূচি হবে জেলাজুড়ে। সিপিএমের আমলে শুধু শোনা যেতো ছররা থেকে বিমান উড়বে। তৃণমূলের আমলেও সেই গল্প শোনা যেত। নতুন বিজেপি সরকারের শুরুতেই কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা শুরু করেছিলেন বিষয়টি নিয়ে। কিন্তু ইতিমধ্যে ছররা সহ রাজ্যের চারটি জায়গায় বিমানবন্দর তৈরির জন্য কেন্দ্রর সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে রাজ্যের মউ চুক্তি স্বাক্ষর হয়েছে। ২৮০০ কোটি টাকা বিনিয়োগও হবে। নবান্নে এসে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর কথাও হয়েছে। আগে শুধু ভাঁওতাবাজি হতো। এখন বিকাশ হচ্ছে। তিনি আরও বলেন, পুরুলিয়ার জন্য প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রীর কাছে যা চাওয়া হয়েছে তাই দিয়েছেন তাঁরা। পুরুলিয়ার জন্য উজাড় করে দিয়েছেন। একাধিক হল্ট স্টেশন থেকে শুরু করে পুরুলিয়া শহরের গোশালাতে রেল ওভার ব্রিজ তৈরির কাজ চলছে পুরোদমে। রেলমন্ত্রীর কাছে ওই ওভার ব্রিজের জন্য দাবি জানানো হয়েছিল। তিনি পুরুলিয়া এসে ঘোষণা করেছিলেন। তারপরই কাজ শুরু হয়ে গিয়েছে। পুরুলিয়ার সাংসদ জেলার বাসিন্দাদের জন্য আরও একটি সুখবর শোনান। তিনি রেলের অনুষ্ঠান মঞ্চ থেকেই বলেন, কিছুদিনের মধ্যেই দক্ষিণ ভারতের সঙ্গে পুরুলিয়ার যোগাযোগে নতুন ট্রেন আসবে। রেলের সরকারি মঞ্চ থেকেই বিরোধীদের তীব্র কটাক্ষও করেন এমপি। তিনি বলেন, কিছু তেলেপোকা, ছারপোকার ভারতের উন্নতি সহ্য হচ্ছে না। তাদের রাতের ঘুম উড়ে গিয়েছে ভারতের বিকাশ দেখে। বিদেশি টাকায় আনন্দ উৎসব করে ভারতকে লন্ডভন্ড করতে চাইছে। কিন্তু মোদিজি রয়েছেন। এটা সম্ভব হবে না। প্রধানমন্ত্রীর উন্নতি ও বিকাশের সঙ্গে দেশের মানুষ রয়েছেন। পুরুলিয়ার ৩০ লক্ষ মানুষ প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন বলেও জানান পুরুলিয়ার এমপি।



