নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিভিন্ন সময়ে পুলিসের বিরুদ্ধে অভিযোগ না নেওয়ার কথা শোনা যায়। এটা করবেন না। সবার অভিযোগ নেবেন। তৃণমূলের কেউ দোষ করলেও তাঁকে শাস্তি দিতে হবে। রবিবার রাতে বারাসতে এসে পুলিসকে এই পরামর্শ দিলেন হাবড়ার তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। পাশাপাশি জেলা সদর বারাসতের আবর্জনার সমস্যা নিয়ে আক্ষেপ শোনা যায় তাঁর গলায়।
রবিবার রাতে বারাসতে শিক্ষক ও কৃতী পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হয়। সেখানে জেলার সদর শহরের আবর্জনার সমস্যা নিয়ে বাসিন্দাদের ক্ষোভের কথাও উঠে আসে বালুর বক্তব্যে। তিনি বলেন, বারাসতকে আরও সুন্দর শহর করতে হবে। শহরকে পরিষ্কার রাখতেই হবে। অন্যদিকে, থানায় ডায়েরি না নেওয়ার প্রসঙ্গে বালুর মন্তব্য নিয়ে পুলিশের এক কর্তার দাবি, থানা অভিযোগ না নিলে সরাসরি জেলা পুলিশকে লিখিত বা মেল করে অভিযোগ জানানো যায়।