সংবাদদাতা তেহট্ট : রাজ্য সড়ক সহ গ্রামীণ সড়কের বেশকিছুটা অংশ জুড়ে রাখা হয়েছে পাট। আবার কোথাও রাস্তার পাশে শুকাতে দেওয়া হয়েছে পাট। আর তাতে সংকীর্ণ হয়েছে সেই সড়ক। যে কারনে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন অনেকেই। এইরকম অসচেতনতার চিত্র দেখা যাচ্ছে তেহট্ট, পলাশীপাড়া সব জায়গায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অনেকে ট্রাক্টর কিংবা লছিমনে করে জমি থেকে পাট নিয়ে গিয়েছেন জলঙ্গির ধারে। মূলত একসঙ্গে সবাই জাঁক দিতে পারছেনা নির্দিষ্ট জায়গায়। যেকারনে কিছুজনের জাঁক দেওয়া হলে অন্যরা সেই জায়গায় জাঁক দিচ্ছেন। তবে যে সময়ের ব্যবধান থাকছে , তার জন্য পাট নদীর পাশেই কিংবা রাস্তার পাশে রাখছে চাষিরা। আবার পাট ছাড়ান হয়ে গেলে রাস্তার পাশেই বাঁশের আড়া করে পাট শুকাতে দিচ্ছে চাষিরা। পথচারীরা অভিযোগ করছেন, চাষিদের অবস্থা বুঝছে সাধারন মানুষ। কিন্তু তা বলে সড়কের উপর পাট রাখা একেবারে ঠিক নয়। বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যাচ্ছে বিশাল এলাকা জুড়ে সড়কের বেশকিছু অংশ জুড়ে রাখা হয়েছে পাট। সড়কের অনেকটা অংশ ওই পাট রাখতে ব্যবহার করছে চাষিরা। আবার সড়কের দুই পাশে পাট শুকাতে দেওয়া হচ্ছে। এই কারনে আরও সমস্যা বেড়েছে। এই রাস্তায় রাতে সব জায়গায় আলোর ব্যবস্থা নেই। জানা গিয়েছে, এইরকম পরিস্থিতিতে পাট থাকার কারনে রাস্তা সংকীর্ণ হয়ে গিয়েছে। রাতের অন্ধকারে যেকোনও সময় না বুঝে দ্রুত গতির কোনও গাড়ি পাটের উপর উঠে গেলে বড়সড় দুর্ঘটনা হতে পারে বলে অভিযোগ করছেন পথচারীরা।
এবিষয়ে অতিরিক্ত পুলিস সুপার (গ্রামীণ) উত্তম ঘোষ বলেন, প্রত্যেক থানার সঙ্গে কথা বলে এবং চাষিদের যাতে সচেতন করা যায় সেবিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।