পাটনা: ভোটমুখী বিহারে ‘দুষ্কৃতী-রাজ’! ব্যবসায়ী তথা বিজেপি নেতা গোপাল খেমকারের খুন নিয়ে ইতিমধ্যেই প্রশ্নের মুখে সেরাজ্যের ডাবল ইঞ্জিন সরকার। এরইমধ্যে রবিবার ডাকাতিতে বাধা দেওয়ায় মুজফ্ফরপুরে মহম্মদ মুমতাজ নামের এক সরকারি ইঞ্জিনিয়ারকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। ওইদিনই পাটনায় অজিত কুমার নামে এক ব্যবসায়ী গুলি করে দুষ্কৃতীরা। মৃত্যু হয়েছে তাঁরও। দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিস।
বিহার সরকারে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন মহম্মদ মুমতাজ। মুজফ্ফরপুরে কাজি মহম্মদপুর থানা এলাকায় তাঁর বাড়ি । রবিবার রাতে তাঁর বাড়িতে ঢুকে পড়ে একদল ডাকাত। বাধা দিলে মহম্মদকে স্ত্রী ও সন্তানদের সামনেই কুপিয়ে খুন করা হয় ইঞ্জিনিয়ারকে। মুজফ্ফরাবাদের পুলিস সুপার কোটা কিরণ কুমার জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় ইঞ্জিনিয়ারকে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করে ডাক্তাররা। ঘটনাস্থল থেকে খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে পুলিস। শুরু হয়েছে তদন্ত। অন্যদিকে, পাটনার খাগৌল এলাকায় ব্যবসায়ী অজিত কুমারকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। ব্যবসায়ী শত্রুতা থেকে খুন নাকি নেপথ্যে অন্য কোনও কারণ? তদন্ত শুরু করেছে পুলিস।
কয়েকদিন আগেই পাটনায় খুন করা হয় ব্যবসায়ী তথা বিজেপি নেতা গোপাল খেমকারকে। সেই ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে সরব বিরোধীরা। তার জের কাটার আগেই ফের বেলাগাম দুষ্কৃতী দৌরাত্ম্য নীতীশ কুমার সরকারের অস্বস্তি বাড়িয়েছে। বিরোধীরা বিজেপি-জেডিইউ জোট সরকারের আমলে বিহারে জঙ্গল-রাজের অভিযোগ তুলেছে।