সংবাদদাতা বোলপুর: সপ্তম জাতীয়স্তরের একদিনের ওপেন তাইকোন্ডো প্রতিযোগিতায় বড়সড় সাফল্য পেল বোলপুরের ছাত্রছাত্রীরা। রবিবার প্রতিযোগিতাটি কলকাতার নিউ আলিপুরের টার্ফ এক্সেল অনুষ্ঠিত হয়েছিল। বেঙ্গল ট্র্যাডিশনাল তাইকোন্ডো অ্যাসোসিয়েশন ও ট্র্যাডিশনাল তাইকোন্ডো অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতাটি আয়োজন করে। পশ্চিমবঙ্গ ছাড়াও ওড়িশা, ছত্রিশগড়, মণিপুর, হরিয়ানা, দিল্লির মতো রাজ্য থেকে প্রায় ৩০০ জন ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেখানে বোলপুরের নবনালন্দা, ভাগবত স্কুল, হ্যাপি হোম ও বোলপুর কলেজের মোট ৭ জন পড়ুয়া ফাইট, পুমসে, স্পিড কিকিং প্রভৃতি বিভাগে অংশগ্রহণ করেন। তার মধ্যে চারজন স্বর্ণ, দুজন রৌপ্য ও একজন তাম্র পদক লাভ করেছেন। এই সাফল্যে উচ্ছ্বসিত এলাকাবাসী। প্রতিযোগীদের প্রশিক্ষক নিশা রায় বলেন, তাইকোন্ডো, অলিম্পিকে অন্তর্ভুক্ত এমন একটি মার্শাল আর্ট, যা ছাত্র-ছাত্রীদের আত্মরক্ষার উপায় শেখায়। পাশাপাশি, মানসিক ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে। বর্তমান প্রজন্ম এখন নিয়মিত এই খেলায় অংশগ্রহণ করে। এবারের এই সাফল্য জেলার বাকি খেলোয়াড়দেরও উজ্জীবিত করবে।
Advertisement
অন্যদিকে, একই দিনে জেলায় প্রথমবার, বোলপুরে অনুষ্ঠিত হল ইন্টার ডিস্ট্রিক্ট তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ। বীরভূম ডিস্ট্রিক্ট তাইকোন্ডো অ্যাসোসিয়েশন এই প্রতিযোগিতার আয়োজন করে। সেখানে পুরুলিয়া, মুর্শিদাবাদ, হাওড়া ও পশ্চিম বর্ধমানের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল। বীরভূমের বিভিন্ন প্রান্তের মোট ১৮০ জন প্রতিযোগী যোগ দিয়েছিলেন। এবছর এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বীরভূম। দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে যথাক্রমে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান।



