সিঙ্গাপুর: ফিডে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুরন্ত প্রত্যাবর্তন গুকেশের। মঙ্গলবার ড্র করে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। বুধবার জয় ছিনিয়ে নিলেন ভারতীয় দাবাডু। ১৪ গেমের লড়াইয়ের তৃতীয়টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনকে ৩৭ চালে কিস্তিমাত করেন গুকেশ। এই জয়ের সুবাদে চীনা গ্র্যান্ডমাস্টার্সের বিরুদ্ধে পয়েন্টের নিরিখে সমতা ফেরালেন তিনি (১.৫ : ১.৫)। এদিন সাদা ঘুঁটি নিয়ে খেলা শুরু করেন গুকেশ। প্রথম চালের অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে শুরু থেকেই লিরেনের উপর চাপ তৈরি করেন তিনি। যার ফলে সময়ের চাপে পড়ে যান বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। ১৮তম চালে প্রথম ভুল করেন লিরেন। ক্রমশ ম্যাচ তাঁর নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায়।



