লন্ডন: গত ম্যাচে পয়েন্ট নষ্টের ধাক্কা কাটিয়ে জয়ের চেনা সরণিতে ফিরল লিভারপুল। রবিবার ঘরের মাঠে উলভসকে ২-১ গোলে হারাল আর্নে স্লটের দল। ম্যাচে দ্য রেডস ব্রিগেডের হয়ে জাল কাঁপান লুইস ডিয়াজ ও মহম্মদ সালাহ। প্রথমার্ধেই দু’গোলে লিড নিয়েছিল লিভারপুল। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে লড়াইয়ে ফেরে উলভস। ৬৭ মিনিটে ব্যবধান কমান ম্যাথিউজ কুনহা। এই পর্বে উলভসের দাপট ছিল বেশি। তবে চাপের মুখে লিড ধরে রেখে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্লট ব্রিগেড। এই জয়ের সুবাদে ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে সাত পয়েন্টে এগিয়ে তারা। ২৫ ম্যাচে গানারদের সংগ্রহ ৫৩ পয়েন্ট।
Advertisement
এদিকে, হারের ধারা অব্যাহত ম্যান ইউয়ের। রবিবার অ্যাওয়ে ম্যাচে টটেনহ্যাম হটস্পারের কাছে ০-১ গোলে বশ মানল রুবেন আমোরিমের ছেলেরা। এই নিয়ে লিগে টানা চার ম্যাচে হারের মুখ দেখল ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। মরশুমের মাঝপথে কোচ বদলেও খুব একটা সুরহা হয়নি। আসলে, এই দলের ফুটবলারদের মধ্যে কোথাও জেতার খিদেটাই হারিয়ে গিয়েছে। এরপরও কোচ উন্নতির সাফাই গাইবেন। ম্যাচে টটেনহ্যামের হয়ে জয়সূচক গোলটি করেন জেমস ম্যাডিসন। এই হারের ফলে লিগ টেবিলে ১৫ নম্বরে নেমে গেল ম্যান ইউ। ২৫ ম্যাচে তাদের সংগ্রহ ২৯ পয়েন্ট। আর জিতে সমসংখ্যক ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে উঠে এল টটেনহ্যাম।
লিভারপুল- ২ : উলভস- ১
টটেনহ্যাম- ১ : ম্যান ইউ- ০
টটেনহ্যাম- ১ : ম্যান ইউ- ০



