নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়িতে এক প্রবীণ ব্যক্তিকে দেখভালের জন্য রাখা হয়েছিল একজন আয়াকে। অভিযোগ, ওই আয়া ও বাড়ির পরিচারিকা ষড়যন্ত্র করে আলমারির তালা ভেঙে প্রায় লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছিল। অন্য আলমারির লকারে থাকা হীরে বসানো কয়েকটি সোনার গয়নাও লোপাট করেছিল তারা। জোড়াসাঁকো থানা এলাকার ওই ঘটনার তদন্তে নেমে পুলিস সোমবার দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। মঙ্গলবার ধৃতদের ব্যাঙ্কশালের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে সরকারি কৌঁসুলি দীপনারায়ণ পাকড়াশি ধৃতদের জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, বাড়ির গৃহকর্তা অসুস্থ। তিনি চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে ভিন রাজ্যে গিয়েছিলেন। সেই সুযোগেই চুরির ঘটনা ঘটে। তিনি জানান, ইতিমধ্যে চুরি যাওয়া টাকার কিছু অংশ উদ্ধার হয়েছে। বাকি টাকা ও গয়না উদ্ধারের জন্য ধৃতদের হেফাজতে নেওয়া জরুরি। ধৃতদের আইনজীবী বলেন, আমার মক্কেলরা জামিন পেলেও তদন্তে সব রকম সহযোগিতা করবে। সরকারি কৌঁসুলি ও পুলিস তাতে আপত্তি জানান। এরপর ধৃতদের বিচারক ৭ মার্চ পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন।



