নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে প্রথম দু’টি ম্যাচেই জিতেছে বাংলা। এমন পরিস্থিতিতে বুধবার রাজকোটে তৃতীয় ম্যাচে মিজোরামের বিরুদ্ধে নামছে লক্ষ্মীরতন শুক্লার দল। জয়ের হ্যাটট্রিকেই চোখ সুদীপ ঘরামিদের। উল্লেখ্য, গত ম্যাচে বাংলার জয়ে বড় অবদান রেখেছিলেন মহম্মদ সামি। ৩.৩ ওভার হাত ঘুরিয়ে ২১ রানের বিনিময়ে তিনটি উইকেট তুলে নেন তিনি। মিজোরামের বিরুদ্ধেও সামির দিকে নজর থাকবে জাতীয় নির্বাচকদের। সবকিছু ঠিকঠাক থাকলে বাংলার তারকা পেসারকে অস্ট্রেলিয়ায় পাঠানো হতে পারে। যদিও এই ব্যাপারে বোর্ডের তরফে সরকারিভাবে কোনও বিবৃতি আসেনি। প্রথম দু’টি ম্যাচে হেরে রীতিমতো চাপে মিজোরাম। তাই দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে জয় পেতে অসুবিধা হওয়ার কথা নয় বাংলার।