নয়াদিল্লি: রামলীলা ময়দানে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের মেগা সমাবেশ ঘিরে রবিবার সরগরম রইল রাজধানী। তবে সশরীরে মঞ্চে উপস্থিত ছিলেন না সিজেপি নেতৃত্ব। বিরোধীদের কর্মসূচিকে সমর্থন জানালেও, যথার্থ কারণেই রামলীলায় দেখা যায়নি দিপকে-রাঙ্কাদের। কিন্তু আগামীতে তাঁরাও আন্দোলনে শামিল হন। প্রকাশ্যে এই আহ্বান জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সমাবেশের মঞ্চ থেকে তিনি বলেন, ‘সিজেপি ও জেন জির লড়াকু মানসিকতাকে কুর্নিশ জানাই।’ তাঁদের উদ্দেশে নেত্রীর বার্তা, ‘ভারতকে বাঁচান, গণতন্ত্রকে বাঁচান। জেন জি, যুবসমাজ এবং সিজেপিকে বলছি, এখানে কোনো রং বা জাতপাতের বিভেদ নেই। সমস্ত জাতি, সম্প্রদায় এবং কমিউনিস্টরা একজোট হয়ে বিজেপিকে পরাজিত করার লড়াইয়ে পথে নামুন।’ শনিবারই দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। দুজনের মধ্যে কথাও হয়। দিপকে জানান, ‘দিদিকে ধন্যবাদ জানাতে এসেছি। যখন আমাদের দিল্লি পুলিশ নিয়ম বিরুদ্ধভাবে গ্রেপ্তার করেছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে দাঁড়িয়েছিলেন।’ পাশে দাঁড়িয়ে থাকা মমতা দিপকের পিঠও চাপড়ে দেন। বলেন, ‘এটি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে।’ তবে রবিবার দিপকেরা যে মঞ্চে থাকবেন না সেই নিয়ে জল্পনা ছিলই। বাস্তবে যা সত্যি হয়েছে। জ্ঞানেশ কুমারকে পদত্যাগের দাবিতে সরব হলেও রাজনৈতিক ভাবে নিরপেক্ষ ও স্বতন্ত্র অবস্থান বজায় রেখেছে সিজেপি নেতৃত্ব। তবে এদিনের সমাবেশে আরশোলার পোশাক পরে এক কংগ্রেস সমর্থকের উপস্থিতি নজর কাড়ে। যা রামলীলা ময়দানে সিজেপির উপস্থিতি টের পাইয়ে দিচ্ছিল বলেই দাবি সমর্থকদের।



