‘ফোর্স’ ফ্র্যাঞ্চাইজির পরের ছবির কাজ শুরু করলেন অভিনেতা জন আব্রাহাম। ২০১১ সালে প্রথমবার এসিপি যশবর্ধন সিং হিসেবে পর্দায় দেখা গিয়েছিল জনকে। পরিচালকের দায়িত্বে ছিলেন নিশিকান্ত কামাত। তারপর ২০১৬ সালে মুক্তি পায় ‘ফোর্স ২’। সেই ছবিতে জনের বিপরীতে দেখা গিয়েছিল অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে। শোনা যাচ্ছে, এবার ‘ফোর্স ৩’-এর কাজ শুরু করলেন জন। গত দু’বছর ধরে এই ছবি নিয়ে ভাবনাচিন্তা করছেন অভিনেতা। এবার পরিচালনা করবেন ভব ধুলিয়া। ইতিমধ্যে ছবির চিত্রনাট্যের কাজ শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে এ বছরের শেষে শুরু হবে শ্যুটিং। ছবিতে খলচরিত্রে কে থাকবেন, তার খোঁজ করছেন নির্মাতারা। পাশাপাশি নায়িকা হিসেবেও সোনাক্ষী থাকবেন কি না, তাও স্পষ্ট নয়।



