নিজস্ব প্রতিনিধি কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এবার রাজ্যের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। রাজ্যের ঘোষণার পরদিনই মঙ্গলবার তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন। এদিন বিষয়টি নিয়ে বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। মামলার গুরুত্ব বিবেচনা করে জরুরি ভিত্তিতে শুনানির অনুমতি দিয়েছেন বিচারপতি সিনহা। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।



