নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করল তৃণমূল। সাংগঠনিক পর্যায়ে শুরু হয়েছে তোড়জোড়। আসরে নামলেন সোনারপুর দক্ষিণ কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র। আগামী এক বছর দলীয় কর্মীরা কীভাবে কাজ করবেন, এক প্রকার রূপরেখা তৈরি করে দিলেন বিধায়ক। শনিবার দলীয় সাংগঠনিক অনুষ্ঠানে তিনি আগামী ভোট পর্যন্ত নিজের এলাকায় কী ধরনের কর্মসূচি নেওয়া হবে, তা ঘোষণা করেন। তার অন্যতম হল,‘আপনার বিধায়ক আপনার পাশে’ এছাড়া অভাব অভিযোগ জানাতে পঞ্চায়েত, ওয়ার্ড অফিসে বসানো হবে কমপ্লেন বক্স। ভোটার তালিকা স্ক্রুটিনি করতে বুথ ভিত্তিক কমিটিও তৈরি করা হবে বলে বিধায়ক জানিয়েছেন। গত নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্রের এই বিধানসভায় সবচেয়ে কম ব্যবধানে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের বক্তব্যে উঠে আসে সে কথা। তিনি বলেন, সোনারপুর দক্ষিণ থেকে অনেকটা বেশি ভোট আশা করেছিলাম। হয়তো আমার খামতির কারণে সেটা হয়ে ওঠেনি। তাই লোকসভার ভুলত্রুটি শুধরে আরও বেশি ভোট যাতে মানুষ দেয়, তার জন্য তাঁদের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করার পক্ষে সওয়াল করেছেন সাংসদ। শহুরে ভোটারদের কী করে তৃণমূলের দিকে টানা যায় তার জন্য রণকৌশল তৈরি করা হবে। বিধায়কও জনসংযোগের উপর বাড়তি গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন দলীয় কর্মীদের। নিজের বিধানসভা কেন্দ্রে দু’টি কর্মসূচি প্রসঙ্গে লাভলি বলেন, সারা বছরই বিধায়ক মানুষের পাশে থাকেন। তবে এই কর্মসূচিতে প্রশাসনিক আধিকারিকদেরও রাখা হবে।। প্রতি সপ্তাহে বুথে ক্যাম্প করা হবে এবং সেখানে মানুষ কোনও অসুবিধে বা সমস্যার কথা নিয়ে এলে তা আধিকারিকদের মাধ্যমে মেটানোর চেষ্টা করা হবে। এছাড়াও এলাকার বাসিন্দারা তাঁদের দাবিদাওয়া, অভিযোগ লিখিত আকারে ওই কমপ্লেন বক্সে জমা দিতে পারবেন।



