নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার ৩৬ পূর্ণ হল বিরাট কোহলির। দিনভর শুভেচ্ছার ঢেউয়ে ভাসলেন তিনি। দেশজুড়ে সমর্থকরাও মেতে উঠলেন উৎসবে। হাওড়ার সাঁতরাগাছি বাস টার্মিনালে বিরাটের ৫০ ফুটের কাট-আউট দুধ দিয়ে স্নানও করানো হয়েছে। কেক কাটা ছাড়াও ছিল বিরাটকে নিয়ে চিত্র প্রদর্শনী। সারা দেশেই দেখা গিয়েছে এমন আবেগের বহিঃপ্রকাশ। ভূপাল পুলিসের তরফে মাঝরাতে কেক কাটার ভিডিও যেমন গণমাধ্যমে ভাইরাল। পুরীর সৈকতে বালিতে শিল্পীর সৃষ্টিতেও ফুটে উঠেছেন ব্যাট সহ কোহলি।
Advertisement
ক্রিকেট মহলেও ধরা পড়েছে উচ্ছ্বাস। প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ধাক্কার পরই গ্রেটেস্ট কামব্যাক ঘটে। ক্রিকেট বিশ্ব এখন তোমার দুরন্ত প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে। অতীতেও তুমি ব্যর্থতাকে পিছনে ফেলে দারুণভাবে ফিরেছো। আমি নিশ্চিত, এবারও তেমনই হবে।’ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত তিন টেস্টের সিরিজে ব্যর্থতার পরিপ্রেক্ষিতে যুবি’র এই বার্তা তাৎপর্যপূর্ণ। মহম্মদ সামি পোস্ট করেছেন, ‘ভারতীয় ক্রিকেটের মেরুদণ্ড ও রান-মেশিনকে হ্যাপি বার্থডে। তোমার প্যাশন ও দায়বদ্ধতা লক্ষ লক্ষ ক্রিকেটপ্রেমীর অনুপ্রেরণা। সাফল্য, আনন্দ ও স্মরণীয় মুহূর্তে ভরে উঠুক এই বছরটা।’ স্টার স্পোর্টসে কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সূর্যকুমার, জাদেজা, পন্থরা। বিসিসিআই ছাড়াও কোহলিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা। এদিকে, সৌদি আরবের জেড্ডায় আগামী ২৪ ও ২৫ নভেম্বর হবে আইপিএলের মেগা নিলাম।



