বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: ফের রক্তাক্ত উপত্যকা। সোমবার জঙ্গিদের গুলিতে মৃত্যু হল অবসরপ্রাপ্ত সেনাকর্মীর। গুরুতর জখম অবস্থায় তাঁর স্ত্রী ও কন্যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা বর্তমানে স্থিতিশীল বলে জানা গিয়েছে। সোমবার দক্ষিণ কাশ্মীরের কুলগাঁওয়ের বেহিবাগে এই হামলার পরই চম্পট দেয় জঙ্গিরা। খবর পেয়ে পুলিস ও সেনাবাহিনী এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে। নিহত প্রাক্তন সেনাকর্মীর নাম মঞ্জুর আহমেদ ওয়াগে। তাঁর তলপেটে গুলি লাগে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পাঁচ বছর আগে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর ব্যবসা করতেন। গত মাসে সোপরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছিলেন এক সেনা জওয়ান।



