Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

জামশেদপুরকে শুরুতেই ধাক্কা দিতে চান দিমিত্রিরা

জামশেদপুরকে শুরুতেই ধাক্কা দিতে চান দিমিত্রিরা
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
শিবাজী চক্রবর্তী, কলকাতা: মোহন বাগান তাঁবুর সবুজ লনে সাজানো ঢাউস ক্যানভাস। ট্রফি জয়ের রঙিন কোলাজের সামনে সমর্থকদের সেলফি তোলার ভিড়। ছোট্ট ছোট্ট জটলায় লিস্টন, মনবীরদের নিয়ে জোর চর্চা। এমন গমগমে আবহে শনিবার জামশেদপুর এফসি’র বিরুদ্ধে মাঠে নামছে মোহন বাগান। শেষ দু’টি ম্যাচে ১০ গোল হজম করে বেকায়দায় ইস্পাতনগরীর দল। শুধু তাই নয়, চলতি আইএসএলে সবচেয়ে বেশি গোল খাওয়ার তালিকায় কেরল ব্লাস্টার্সের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে জামশেদপুর (১৬ টি)। তবু ম্যাচের আগে হোসে মোলিনা বেশ সতর্ক। স্প্যানিশ কোচ কোনও কালেই মুখেই মারিতং জগতে বিশ্বাসী নন। তাঁর সাবধানী মন্তব্য, ‘অতিরিক্ত আত্মবিশ্বাসের প্রশ্নই নেই। প্রতিপক্ষ ক্যামব্যাকে মরিয়া।’ ১০ নভেম্বর ওড়িশা এফসি’র বিরুদ্ধে শেষ মাঠে নেমেছে সবুজ-মেরুন ব্রিগেড। প্রায় দু’সপ্তাহের ব্যবধানে তাল কাটতেই পারে। আর তা বুঝেই একটু চিন্তায় টিম ম্যানেজমেন্ট। 
Advertisement
গত কয়েকদিন ধরেই সমর্থকদের উদ্বেগ বাড়িয়েছে একাধিক চোট। অনিরুদ্ধ থাপা অনেকটা ফিট হলেও স্টুয়ার্ট আর আশিস রাইকে পাওয়া যাবে না।  রাইট উইং-ব্যাকে দীপ্যেন্দু বিশ্বাসের খেলার সম্ভাবনা। তবে স্টুয়ার্টের না থাকা সত্যিই বড় ধাক্কা। স্কটিশ ফুটবলার গোটা দলের ব্যান্ডমাস্টার। চেন্নাইয়ানের বিরুদ্ধে তাঁকে ফেরাতে মরিয়া থিঙ্কট্যাঙ্ক। সাহাল আর পেত্রাতোসের উপর বল ফিড করার দায়িত্ব থাকছে। যুবভারতীর বড় মাঠে মোলিনার জোড়া টেক্কা দুই উইং হাফ লিস্টন আর মনবীর। অহেতুক ব্যাক পাসের বদলে বিপক্ষ ডিফেন্ডারকে আক্রমণ করার প্রবণতা ওঁদের আরও ভয়ঙ্কর করেছেন। একই গতিতে ইনসাইড, আউটসাইড ডজ করতে পারেন। চনমনে লিস্টন বলেই দিলেন, ‘নিজেকে সেরা ভেবেই মাঠে নামি। এই ধারাবাহিকতা বজায় রাখা জরুরি।’ জামশেদপুরের বিরুদ্ধে লিস্টনরা দ্রুত গোল পেয়ে গেলে চাপ কমবে মোলিনা ব্রিগেডের। এই ম্যাচ জিতলে ১৭ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরুর ঘাড়ে নিঃশ্বাস ফেলবেন কামিংসরা। গোল পার্থক্য বাড়াতে পারলে শীর্ষে ওঠাও অসম্ভব নয়।
অন্যদিকে, নির্বাসিত থাকায় ডাগ-আউটে থাকবেন না জামশেদপুরের চিফ কোচ খালিদ জামিল। দায়িত্ব সামলাবেন সহকারী স্টিভেন ডায়াস। তাঁর বিষমাখানো ক্রস ফুটবলপ্রেমীদের স্মৃতিতে এখনও টাটকা। প্রো লাইসেন্সধারী স্টিভেন জানালেন, ‘পয়েন্ট পেতেই হবে। ফিরে তাকানোর জায়গা নেই।’ তবে চোট আর কার্ডের জন্য সিসকোভিচ এবং জর্ডন মারের সার্ভিস পাবেন না তিনি। জাভি হার্নান্ডেজ, সিভেরিও তোরো, ইমরান খান, সানানরা তাঁর ভরসা। এদিকে, ম্যাচের আগের দিন অনুশীলনের মাঠ নিয়ে ক্ষিপ্ত জামশেদপুর। অভিযোগ, যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডের গেটে তালা দেওয়া থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তাঁদের। মাঠে প্রচুর জল থাকায় বিরক্ত ম্যানেজমেন্ট অভিযোগ জানিয়েছে এফএসডিএলকে।
(যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে। )
সম্পর্কিত সংবাদ