শ্রীনগর, ১৩ নভেম্বর: ভূস্বর্গে বাস দুর্ঘটনায় জখম ১২। দুর্ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের রিয়াসিতে। জানা গিয়েছে, প্রায় ৪০ জন পুণ্যার্থী ওই বাসে করে শিব খোরিতে পুজো দিতে যাচ্ছিলেন। সেই সময় রিয়াসি এলাকার সিম্বাল চকের কাছে ওই বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অন্য একটি বাসের। দুর্ঘটনায় জখম হন ১২ জন। বাস দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করতে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে অকুস্থলে আসে পুলিসও। তড়িঘড়ি জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কারও আঘাতই তেমন গুরুতর নয়। বাসের ১২ জন যাত্রী সামান্য জখম হয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর। তাঁরা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা। এলাকার পুলিস আধিকারিক জানিয়েছেন, ওই পুণ্যার্থীরা বাসে করে এর আগে বৈষ্ণদেবী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেখান থেকে শিব খোরিতে পুজো দিতে যাচ্ছিলেন। যাওয়ার পথেই দুর্ঘটনাটি ঘটে। তবে এই দুর্ঘটনায় কারও চোট তেমন গুরুতর নয়।



