রাজ ও ডিকের হাত ধরে জমজমাট অ্যাকশন দৃশ্যে দেখা যাবে অভিনেতা আদিত্য রয় কাপুরকে। শুরু হয়েছে রাজ-ডিকের নতুন কাজ ‘রক্তব্রহ্মাণ্ড: দ্য ব্লাড কিংডম’-এর শ্যুটিং। এই সিরিজে সামান্থা রুথ প্রভুর জুটি বাঁধছেন আদিত্য। সম্প্রতি মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান ও সামান্থা অভিনীত ‘সিটাডেল: হানি বানি’। সেই সিরিজে অ্যাকশন অবতারে ধরা দিয়েছেন নায়িকা। প্রচারের জন্য সাময়িকভাবে বন্ধ ছিল ‘রক্তব্রহ্মাণ্ড’-এর কাজ। ফের অ্যাকশন-ফ্যান্টাসি ঘরানার এই সিরিজের কাজ শুরু করতে চলেছেন তিনি। শোনা যাচ্ছে, আদিত্যর সঙ্গে তাঁকেও দেখা যাবে অ্যাকশন দৃশ্যে। মুম্বইয়ে এই বিশেষ দৃশ্যের শ্যুট হবে বলে খবর।



