বেঙ্গালুরু: মাইসুরু জমি দুর্নীতি মামলায় রিপোর্ট জমা দিল ইডি। যেখানে অভিযুক্তদের তালিকায় নাম আছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, তাঁর পরিবারের সদস্য ও মাইসুরু আর্বান ডেভলপমেন্ট অথরিটি-র (মুডা) একাধিক আধিকারিকের। ৫৬ কোটি টাকার দুর্নীতির শিকড় অনেক গভীরে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির। ইডির রিপোর্টে দাবি করা হয়েছে যে, জমি দুর্নীতিতে বিকৃত করা হয়েছে সরকারি নথি। অপব্যবহার করা হয়েছে রাজনৈতিক প্রভাব।
Advertisement
জনস্বার্থে অধিগ্রহণ করা জমি বেআইনিভাবে ডি-নোটিফাই করার প্রমাণ তাদের হাতে এসেছে বলে ইডির দাবি। এক্ষেত্রে নেওয়া হয়নি বিশেষজ্ঞদের মতামত। এমনকী সরকারি পদ্ধতিও মেনে চলা হয়নি। জমির চরিত্র বদলের ক্ষেত্রেও অনিয়মের প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। এই মামলার সবথেকে বিতর্কিত দিক হল মুখ্যমন্ত্রীর স্ত্রী সিদ্ধারামাইয়ার স্ত্রী বি এম পার্বতীকে জমি বরাদ্দের বিষয়টি। সরকারি নিয়মের তোয়াক্কা না করে তাঁকে ১৪টি প্রাইম লোকেশনে জমি বরাদ্দ করা হয় বলে দাবি তদন্তকারীদের। এক্ষেত্রে রাজনৈতিক প্রভাব কাজ করেছে।



