সংবাদদাতা, বসিরহাট: শরিকি জমি বিবাদকে কেন্দ্র করে গণ্ডগোল, মারধরে আহত ১০ জন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার, মিনাখাঁ থানার ছয়ানি হাজিপাড়া এলাকায়। অভিযোগ, তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী মইনুল মোল্লা একপক্ষের হয়ে এই গোলমালে মদত দিয়েছেন।
Advertisement
জানা যায়, ওই এলাকার বাসিন্দা সেলিম মোল্লার সঙ্গে তাঁদের অন্য শরিক কাশেম মোল্লার চাষের জমি সংক্রান্ত মামলা চলছিল আদালতে। সেলিম মোল্লার পক্ষে রায় দেয় আদালত। সেই মতো সেলিম মোল্লা জমিতে চাষবাস শুরু করেন। এরপর তৃণমূলের স্থানীয় নেতা মইনুল মোল্লা কাশেম মোল্লার হয়ে দলবল নিয়ে সেলিম মোল্লার চাষের জমিতে গিয়ে ধানগাছ তুলে দিতে থাকেন। তখন সেলিম মোল্লা ও তাঁর পরিবার এর প্রতিবাদ করলে তাঁদেরকে মারধর করা হয়। এমনকী তাঁদের বাড়ি ভাঙচুর করে লুটপাটও করা হয় বলে অভিযোগ। সেলিম মোল্লার পরিবারের ১০ জন আহত হন। চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর মিনাখাঁ থানার পুলিস যায়। যদিও যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই মইনুল মোল্লা বলেন, এটা ওঁদের শরিক গণ্ডগোলের জের। এর সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। আমার নামে বদনাম করা হচ্ছে। পুলিস তদন্ত করে দেখছে। কেউ দোষ করলে উপযুক্ত ব্যবস্থা নেবে।



