Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র সাজিয়ে তুলতে এবার ৬ কোটির ডিপিআর

জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র সাজিয়ে তুলতে এবার ৬ কোটির ডিপিআর
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলায় ৭ টি পর্যটন কেন্দ্র গড়ে তুলতে ৬ কোটি ২৩ লক্ষ টাকার ডিপিআর তৈরির কাজ শুরু। জেলা প্রশাসনের তরফে বালুরঘাট পুরসভা ও ব্লক প্রশাসনকে দ্রুত ডিপিআর তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে খবর, নির্দিষ্ট জায়গাগুলিতে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে কী কী প্রয়োজন, তার বিবরণ দিয়ে টাকা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বালুরঘাটের আত্রেয়ী নদীর বাঁধের ধারে সৌন্দর্যায়নের জন্য ১ কোটি টাকা, ডাঙা ফরেস্টে  ইকো পার্কের জন্য ১ কোটি টাকা, হিলির সারেং বাড়ি পিকনিক স্পটের সৌন্দর্যায়নের জন্য ৪০ লক্ষ টাকা বেঁধে দেওয়া হয়েছে। সেইসঙ্গে কুশমণ্ডির মহিপাল দিঘির পাশে ইকোপার্ক তৈরি করতে ১ কোটি, হরিরামপুরের গৌড়দিঘি সৌন্দর্যায়নের জন্য ১ কোটি ২৩ লক্ষ, কুমারগঞ্জের ফরেস্টের পিকনিক স্পটের সৌন্দর্যায়নের জন্য ৬০ লক্ষ টাকা  ও  রামেশ্বর ধামের জন্য ১ কোটি টাকা বেঁধে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশ পেতেই ব্লক ও পুরসভা প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে।
Advertisement
দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, পর্যটনকেন্দ্রগুলি সাজিয়ে তুলতে ডিপিআর তৈরি করা হচ্ছে। রাজ্যের তরফে অনুমতি পেলেই কাজ শুরু করে দেওয়া হবে।
জানা গিয়েছে, বালুরঘাটে আত্রেয়ীর বাঁধের পাশে পেভার ব্লক দিয়ে রাস্তা তৈরি হবে। লাগানো হবে গাছ। রেলিং দেওয়া হবে বাঁধের দু’ধার। আলো দিয়ে সাজিয়ে তোলা হবে পুরো বাঁধ। ডাঙা ফরেস্টে পিকনিক স্পষ্ট থাকলেও তা বন্ধ রয়েছে। সেখানে ইকো পার্ক তৈরি করা হবে। সেখানে ওয়েলকাম গেট, বিশ্রামাগার, পেভার ব্লকের রাস্তা, পানীয় জল, সোলার লাইট, অফিস, কর্মীদের থাকার ঘর সহ একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। 
মহিপাল দিঘিকে ঘিরে ইকো পার্ক তৈরি করা হবে। সেখানে থাকার ঘর, ক্যাফেটেরিয়া, প্রাচীর, দিঘিতে বোটিং, রেস্তরাঁ, দিঘির চারপাশে সৌন্দর্যায়ন, মাছ ধরার ব্যবস্থা থাকবে। 
সারেং বাড়ি ফরেস্টকেও সাজিয়ে তুলতে উদ্যোগী প্রশাসন। সেখানে রেস্তরাঁ সহ নতুন রাস্তা, ফুলের বাগান হবে। হরিরামপুরের গৌড়দিঘির পাশে শিশুদের জন্য উদ্যান, কটেজ, বোটিংয়ের ব্যবস্থা করা হবে। তাছাড়া দিঘির চারপাশ প্রাচীর দেওয়া হবে। 
কুমারগঞ্জ পিকনিক স্পষ্ট বর্তমানে ফাঁকা। সেখানে পানীয় জলের ব্যবস্থা নেই। 
নতুন করে সেখানে পিকনিক স্পট গড়ে তোলা হবে। শিশুদের জন্য  পার্ক, উচ্চ বাতিস্তম্ভ, পানীয় জলের ব্যবস্থা, বিশ্রামাগার ইত্যাদি তৈরি করা হবে। জেলা প্রশাসন সূত্রে খবর, পর্যটন দপ্তরের তরফে জেলার এই পর্যটন কেন্দ্র গুলিকে সাজিয়ে তোলার নির্দেশ দেওয়া হয়। 
সেই মতো জেলার তরফে কোথায় কী রয়েছে, তা জানতে চাওয়া হয়েছে। সেই মতো জেলা প্রশাসনের তরফে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে তৎপরতার সঙ্গে কাজ শুরু হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ