Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলা সভাপতি পরিবর্তনের জল্পনায় মাথাচাড়া দিচ্ছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব

জেলা সভাপতি পরিবর্তনের জল্পনায় মাথাচাড়া দিচ্ছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শিলিগুড়ি: জেলা সভাপতি পরিবর্তনের জল্পনায় শিলিগুড়িতে বিজেপির গোষ্ঠী কোন্দল মাথাচাড়া দিচ্ছে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে শিলিগুড়িতেও জেলা সভাপতি পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। শিলিগুড়ি সাংগঠনিক জেলার নতুন সভাপতি কে হবেন? এ নিয়েই এখন বিজেপির অন্দরে চলছে চর্চা। নতুন সভাপতি হওয়ার দৌড়ে একাধিক নাম থাকায় শিলিগুড়িতে গেরুয়া শিবির আবার একাধিক গোষ্ঠীতে বিভাজিত হতে শুরু করেছে। বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী এক ব্যক্তি এক টার্মে তিন বছর সভাপতি পদে থাকতে পারেন। সেখানে শিলিগুড়ি জেলা বিজেপির বর্তমান সভাপতি অরুণ মণ্ডল দেড় বছর হল সভাপতি হয়েছেন। কার্যকালের মেয়াদ শেষের আগেই তাঁকে পরিবর্তনের সম্ভাবনা দেখা দেওয়ায় এখানে বিজেপির অন্দরে নানা গুঞ্জন চলছে। 
Advertisement
বিজেপির শিলিগুড়ি জেলা কমিটির এক পদাধিকারী বলেন, সাংসদ ও শিলিগুড়ির বিধায়কের মতামতকে দলের রাজ্য নেতৃত্ব গুরুত্ব দিচ্ছে। সম্প্রতি মণ্ডল সভাপতি নির্বাচনে সেটা দেখেছি। এমপি ও দুই এমএলএ অরুণ মণ্ডলের কাজ নিয়ে খুশি নন। সেকারণেই হয়তো বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে শক্তিশালী করতে রাজ্য নেতৃত্ব এখানেও সভাপতি পরিবর্তন করার কথা ভাবছে। অরুণবাবুর পরিবর্তে নতুন সভাপতি হওয়ার দৌড়ে বেশ কয়েকজনের নামও শোনা যাচ্ছে। এক জেলা নেতা বলেন, তৃণমূল থেকে আসা মানিক আরোরা, নান্টু পালের নাম নিয়ে চর্চা রয়েছে। তবে এগিয়ে আছেন রাজু সাহা ও পীযূষ আগরওয়াল। এঁদের একজন বিধায়ক এবং সাংসদের ঘনিষ্ঠ। সেকারণেই দেড় বছরেই সভাপতি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। 
অরুণ মণ্ডলকে সভাপতি করা হয়েছিল মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মনকে সরিয়ে। তখন থেকেই শিলিগুড়িতে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসে। গত লোকসভা নির্বাচনে চাপের মধ্যেও রাজু বিস্তার বড় ব্যবধানে জয় অরুণ মণ্ডলের বিরোধী গোষ্ঠী পিছু হটলেও নিষ্ক্রিয় হয়ে যায়নি। বিজেপির এক জেলা নেতা বলেন, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের মুখে দেড় বছরেই অরুণ মণ্ডলকে সরিয়ে দেওয়া হলে গোষ্ঠী কোন্দল নতুন চেহারা নেবে। 
শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ দলের জেলা সভাপতি পরিবর্তনের সম্ভাবনার কথা অস্বীকার করেন। বলেন, শিলিগুড়ি সাংগনিক জেলা সভাপতি পরিবর্তন হবে, এমন কোনও খবর আমার কাছে নেই। বর্তমান জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজু সাহা বলেন, রাজ্য নেতৃত্ব সভাপতি পরিবর্তন নিয়ে মতামত জানতে চেয়েছিল। আমি জানিয়ে দিয়েছি, অরুণ মণ্ডল সংগঠনকে শক্তিশালী করার কাজ যথেষ্ট দক্ষতার সঙ্গে করছেন। তিনি সভাপতি হওয়ার পর অনেক দুর্বলতা কাটিয়ে আমরা শক্তিশালী হয়েছি। বুথস্তরে ভালো কাজ হচ্ছে। কাজেই এখন অরুণ মণ্ডলকে সরানোর প্রয়োজন দেখছি না। 
যদিও এ নিয়ে অরুণ মণ্ডল বিস্তারিতভাবে কিছু বলতে চাননি। তিনি বলেন, দল আমাকে যেভাবে ব্যবহার করবে, যে দায়িত্ব দেবে তা পালন করব। আমি দলের একজন সৈনিক। 
Advertisement
সম্পর্কিত সংবাদ