নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও সংবাদদাতা, উলুবেড়িয়া: নকল অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক ভুয়ো পরীক্ষার্থী। জগৎবল্লভপুর থানার মাজু আরএন বসু হাইস্কুলের ওই ছাত্র নবম শ্রেণি উত্তীর্ণ হতে পারেনি। সে নকল অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে নওপাড়ার ইসলামপুর আদর্শ বিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই তার কারচুপি ধরা পড়ে যায়। ভুয়ো নথিপত্র বাজেয়াপ্ত করে তাকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। লিখিতভাবে ক্ষমাপ্রার্থনা করে ওই ছাত্র ও তার অভিভাবকরা। কলকাতার পূর্ব পুটিয়ারির একটি স্কুলে নকল অ্যাডমিট কার্ড এবং পুরনো মার্কশিট হাজির হয় এক ব্যক্তি। প্রধান শিক্ষকের অফিসে গিয়ে বলে, তার ছেলের কোন স্কুলে সিট পড়েছে, জানাতে হবে। সন্দেহ হওয়ায় খুঁটিয়ে দেখে বোঝা যায়, অ্যাডমিটটি জাল। ধরার আগেই কোনও রকমে চম্পট দেয় সে।



