নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: কম টাকার জিনিস কিনে লাগাতার ৫০০ টাকার নোট দিচ্ছিলেন দুই যুবক। তাতেই সন্দেহ হয় ব্যবসায়ীদের। শেষপর্যন্ত দেখা যায় ওই ৫০০ টাকার নোটগুলি জাল। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তরপাড়ার কোতরং ২ নম্বর বাজারে। এরপরই পুলিসকে ডেকে এক যুবককে ধরিয়ে দেন ব্যবসায়ীরা। ধৃত যুবকের কাছ থেকে একধিক পাঁচশো টাকার জালনোট পাওয়া গিয়েছে। ওই যুবকের এক সঙ্গী বিপদ বুঝে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এদিকে, বাজারের ব্যবসায়ী মহল্লায় জালনোট ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের বাড়ি হুগলিতেই। তবে সে নিজের নাম ও পরিচয় নিয়ে বারবার পুলিসকে বিভ্রান্ত করেছে। উত্তরপাড়ার থানার পুলিস জানিয়েছে, ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর প্রকৃত পরিচয় জানার কাজ চলছে।
Advertisement
প্রসঙ্গত, ঠিক একই রকম ঘটনা ঘটেছিল পাণ্ডুয়াতে। ২০২৪ সালের শেষপর্বে কয়েকজন যুবক সেখানকার একটি বাজারে জালনোট চালানোর চেষ্টা করেছিল। পরে দেখা যায়, সেই নোট প্রিন্টার মেশিনে ছাপানো হয়েছিল। উত্তরপাড়ার ক্ষেত্রে ঠিক কী হয়েছে, তা পুলিস খতিয়ে দেখছে। এদিন ঘটনাস্থলে এসেছিলেন উত্তরপাড়া পুরসভার কাউন্সিলার সন্দীপ দাস। তিনি বলেন, খুবই উদ্বেগজনক ঘটনা। উত্তরপাড়ায় জালনোট ছড়িয়ে দেওয়ার ঘটনা আগে শুনিনি। - নিজস্ব চিত্র



