সংবাদদাতা, নকশালবাড়ি: শনিবার জাল লটারি বিক্রির অভিযোগে গ্রেপ্তার হল খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্যের লটারি ডিস্ট্রিবিউটর ছেলে। খড়িবাড়ির নয়াহাট এলাকা থেকে লটারির টিকিট কেনার পর ১ লক্ষ ৮০ হাজার টাকার পুরস্কার জেতেন শঙ্কর ঘোষ নামে এক যুবক। তবে ওই টিকিট নিয়ে লটারি বিক্রেতার সঙ্গে ডিস্ট্রিবিউটরের কাছে গেলে জাল লটারি বলে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে তারা। এমনকী পুরো বিষয়টি ধামাচাপা দিতে অভিযুক্ত ডিস্ট্রিবিউটর ৫০ হাজার টাকা দেন। এনিয়ে ওই যুবক খড়িবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিস অভিযুক্ত পরিমল সিংহকে গ্রেপ্তার করে। ধৃত খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য মিনা রানি সিংহের ছেলে।
Advertisement
অভিযোগকারী শঙ্করবাবু বলেন, শুক্রবার সন্ধ্যার ২০ সিরিজের লটারি টিকিট কেনার পর পুরস্কার জিতি। এরপর তা ভাঙাতে গেলে ডিস্ট্রিবিউটর জাল লটারি বলে কিছু টাকা দেয়। এনিয়ে লটারি বিক্রিতা ও ডিস্ট্রিবিউটরের নামে অভিযোগ দায়ের করেছি। মিনা রানি সিংহ বলেন, ছেলের উপর উঠা অভিযোগ ভিত্তিহীন। ছেলে আসল টিকিট বিক্রি করে। জাল টিকিটের বিষয়টি ভিত্তিহীন। দোকানে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তৃণমূলের খড়িবাড়ি ব্লক সভাপতি তথা মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ বলেন, জাল লটারির চক্র বিহার ও নেপালে ছড়িয়ে রয়েছে। বিজেপি নেত্রীর ছেলে এই কারবারে জড়িত তা বোঝা যাচ্ছে।



