Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলায় আজ শুরু দুয়ারে সরকার 

জেলায় আজ শুরু দুয়ারে সরকার 
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: আজ, শুক্রবার থেকে নবম পর্যায়ের দুয়ারে সরকার শিবির শুরু হচ্ছে। চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। আট দিন ধরে মুর্শিদাবাদ জেলায় আট হাজারের বেশি দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে। গতবারের তুলনায় এবার মোবাইল ক্যাম্পের সংখ্যাও বাড়ানো হয়েছে। ২০২৩ সালে ১৫ থেকে ৩১ডিসেম্বর পর্যন্ত আয়োজিত হয়েছিল অষ্টম দুয়ারে সরকার। এই জেলায় অষ্টম পর্যায়ের দুয়ারে সরকারে ১৬৪৫টি মোবাইল ক্যাম্প হয়েছিল। এবার ২৮০২টি মোবাইল ক্যাম্প এবং ৫২৩৩টি সাধারণ ক্যাম্প হবে। 
Advertisement
জেলাশাসক রাজর্ষি মিত্র বলেন, মুর্শিদাবাদে এবার আট হাজারের বেশি দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। মোট ৩৭টি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধার জন্য আবেদন গ্রহণ করা হবে। 
গতবার ৩৬টি প্রকল্পের আবেদন গ্রহণ করা হয়েছিল। এবার সেগুলির সঙ্গেই যোগ হচ্ছে ‘কৃষি যন্ত্রাংশ কেনার আর্থিক সাহায্য’ সংক্রান্ত প্রকল্প। অর্থাৎ, নবম দুয়ারে সরকার শিবিরে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতি শংসাপত্র, শিক্ষাশ্রী, তফসিলি বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা ও সংযুক্তিকরণের কাজ করা যাবে। এছাড়া আধার কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ, কৃষি জমির মিউটেশন, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধী শংসাপত্র, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, তাঁতিদের জন্য ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্ক, কৃষি পরিকাঠামো তহবিল, মৎস্যজীবীদের নাম নথিভুক্তিকরণ, জমির পাট্টার আবেদন ও বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয় এবং ভবিষ্যত ক্রেডিট কার্ডের মতো সরকারি প্রকল্প পরিষেবার আবেদনের পাশাপাশি কৃষি যন্ত্রাংশ কিনতে আগ্রহীরাও আবেদন জমা করতে পারবেন। 
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বেলডাঙা পুরসভায় ৮২টি, বহরমপুর পুরসভায় ১৯০টি, জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভায় আটটি, জঙ্গিপুর পুরসভায় ১১৪টি, কান্দি পুরসভায় ১০৩টি, মুর্শিদাবাদ পুরসভায় আটটি, ডোমকল পুরসভায় ১৬৭টি, ধুলিয়ান পুরসভায় ১৩৬টি ক্যাম্প হবে। পাশাপাশি বহরমপুর ব্লকে ৫০৯টি, বেলডাঙা-১ ৩১৫টি এবং ও বেলডাঙা-২ ৩৩০টি, ভগবানগোলা-১ ও ২ ব্লকে যথাক্রমে ২০৯টি ও ১৬৮টি ক্যাম্প হবে। ভরতপুর-১ ও ২ ব্লকে যথাক্রমে ১৮১ ও ১৯০টি ক্যাম্প হবে। ডোমকল ব্লকে ২৮০টি, ফারাক্কায় ২২১ টি, হরিহরপাড়ায় ৩০২টি, জলঙ্গিতে ২৩২টি, কান্দি ব্লকে ৪০৩টি, খড়গ্রামে ২৮০টি, লালগোলায় ৩৫৯টি, মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকে ২৪৬টি, নবগ্রামে ৩৭০টি ক্যাম্প হবে। নওদা ব্লকে ২৫০টি, রঘুনাথগঞ্জ-১ ও ২ ব্লকে যথাক্রমে ১৯৬টি ও ৩০০টি, রানিনগর-১ ও ২ ব্লকে যথাক্রমে ১৯৬টি ও ২০৪ টি, সাগরদিঘিতে ৩৬০টি, সামশেরগঞ্জে ২৮১টি, সূতি-১ ও ২ ব্লকে যথাক্রমে ১৪৪টি ও ৪২০ টি ক্যাম্প হবে। সবমিলিয়ে মোট ৮০৩৫টি ক্যাম্প করা সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
উল্লেখ্য, ২০২০ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয় এই শিবির। সরকারি বিভিন্ন প্রকল্পকে মানুষের হাতের নাগালে পৌঁছে দিতেই এই কর্মসূচি শুরু করা হয়। রাজ্যে ‘দুয়ারে সরকার’ ইতিমধ্যেই যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ