Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিদেশ

জুকেরবার্গের ‘ভুল’ মন্তব্য: ক্ষমা চেয়ে নিল মেটা

জুকেরবার্গের ‘ভুল’ মন্তব্য: ক্ষমা চেয়ে নিল মেটা
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নয়াদিল্লি, ১৫ জানুয়ারি: গত লোকসভা নির্বাচন নিয়ে ‘ভুল’ মন্তব্য করেছিলেন মেটা কর্তা মার্ক জুকেরবার্গ। তাই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এমনকী, জ়ুকেরবার্গের মন্তব্যের কারণে মেটা কর্তৃপক্ষকে ভারতের যোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি তলব করতে পারে বলেও শোনা যাচ্ছিল। এ হেন পরিস্থিতিতে ভারতের মেটা কর্তৃপক্ষ জ়ুকেরবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিলেন। তাঁরা জানান, মেটা কর্তার পর্যবেক্ষণ বেশ কয়েকটি দেশের জন্য সত্য হলেও ভারতের জন্য নয়।
Advertisement
এ বিষয়ে আজ বুধবার মেটা ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট শিবনাথ ঠুকরাল জানান, অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী। মেটার কাছে ভারতের অভাবনীয় গুরুত্ব রয়েছে। ভবিষ্যতে আমরা এই বন্ধনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারেও আশাবাদী। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ওই কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে জানিয়েছেন, ভুল তথ্য প্রচারের জন্যই মেটাকে ডেকে পাঠানো হতে পারে। এক্স হ্যান্ডলে তিনি দাবি করেছেন, ভুল তথ্য ছড়ানোর অর্থ একটি গণতান্ত্রিক দেশের ভাবমূর্তি নষ্ট করা। সংস্থার উচিত সংসদ ও ভারতের সাধারণ মানুষের কাছে ভুল স্বীকার করা। এরপরই মেটা ইন্ডিয়ার পক্ষ থেকে ক্ষমা চাওয়া হল। সে বিষয়ে নিশিকান্ত দুবে জানান, এই ক্ষমা ১৪০ কোটি ভারতীয়র জয়।
প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি একটি পডকাস্টে ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা জুকেরবার্গ বলেছিলেন, কোভিড মহামারীর প্রভাবে বিভিন্ন দেশের ক্ষমতাসীন সরকার মানুষের বিশ্বাস হারিয়েছে। ২০২৪ সালে ভারত সহ বিভিন্ন দেশে সাধারণ নির্বাচন হয়েছে, আর সব কটি নির্বাচনেই ক্ষমতাসীন দল সরকার গঠন করতে ব্যর্থ হয়েছে। কোভিডের পাশাপাশি কারণ হিসেবে মুদ্রাস্ফীতি, আর্থিক নীতির মতো বিষয়কেও দায়ী করেছিলেন জুকেরবার্গ। ওই পডকাস্ট প্রচারিত হওয়ার পরেই সমাজ মাধ্যমে জুকেরবার্গের মন্তব্যের প্রতিবাদ করেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এক্স হ্যান্ডলে তিনি মেটা কর্তার ভুল শুধরে দিয়ে লিখেছিলেন, ভারতের জনগণ ফের নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএর উপরেই ভরসা রেখেছে। তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে এনডিএ। তাই সব দেশেই ক্ষমতাসীন দল হেরেছে, এই বক্তব্য আদতে ভুল।
সম্পর্কিত সংবাদ