Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জখম যুবককে হাসপাতালে ভর্তি করলেন খাদ্যমন্ত্রী

জখম যুবককে হাসপাতালে ভর্তি করলেন খাদ্যমন্ত্রী
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত ও দক্ষিণ ২৪ পরগনা: কলকাতা থেকে ভাঙড় হয়ে মিনাখাঁয় যাচ্ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। সেই সময় ভোজেরহাটের কাছে কোড়লবেড়িয়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন এক যুবক। রাস্তায় পড়ে কাতরাচ্ছিলেন তিনি। নাম সাবির মোল্লা (৩৯)। তাঁকে দেখে তড়িঘড়ি গাড়ি থেকে নেমে নিজের ‘পাইলট কার’ (কনভয়) দিয়ে সাবিরকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন তিনি। প্রথমে তাঁকে জিরানগাছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে আর জি কর হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন মন্ত্রী।
Advertisement
জানা গিয়েছে, রবিবার দুপুর ইঞ্জিন ভ্যান চালিয়ে যাচ্ছিলেন সাবির। উল্টো দিক থেকে আশা এলপিজি সিলিন্ডার ভর্তি একটি লরির সঙ্গে ওই ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। রাস্তাতেই ছিটকে পড়েন সাবির। পাশ দিয়ে আসা একটি অটোর ধাক্কায় থেঁতলে যায় তাঁর পা। দুর্ঘটনার জেরে মানুষ ভিড় করেছিল বটে। তবে কেউই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেননি। সেই সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় বিষয়টি চোখে পড়ে রথীনবাবুর। তিনি গাড়ি থেকে নেমে একটি অটো ভাড়া করে পাইলট কার দিয়ে সাবিরকে জিরানগাছা হাসপাতালে পাঠান। পরে তাঁর অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় আর জি করে। এ নিয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, মিনাখাঁ যাওয়ার পথে রাস্তায় ব্যাপক জমায়েত দেখে গাড়ি থেকে নেমে দেখি, দুর্ঘটনাগ্রস্ত এক যুবক রাস্তায় পড়ে কাতরাচ্ছেন। গোটা শরীরে রক্ত। আমি তখন একটি অটোতে করে আমার পাইলট কার দিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করি। আমরাও তো মানুষ, বিবেকের তাড়নায় যা করার করেছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ