সংবাদদাতা, উলুবেড়িয়া: মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে আরও বেশি সংখ্যায় সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করছে স্বাস্থ্যদপ্তর। তারই অঙ্গ হিসেবে আমতা ২ নম্বর ব্লকের ঝিকিরা গ্রাম পঞ্চায়েতের চিংড়াজোল সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হল শনিবার। নবনির্মিত এই সুস্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমতার বিধায়ক সুকান্ত পাল। এই অনুষ্ঠানে আমতা ২ নম্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিক রামিজ আহমেদ সহ বহু বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন। স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, দোতলা সুস্বাস্থ্য কেন্দ্রটি তৈরি করতে ব্যয় হয়েছে ৩২ লক্ষ টাকা। এদিন সুকান্ত পাল বলেন, গ্রামবাসীদের অনুরোধ মেনেই এই সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হয়েছে। রাজ্যের মানুষের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করেছেন, তারজন্য তাঁকে ধন্যবাদ জানান বিধায়ক।



