নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রাম জেলায় ই-কার্টের মাধ্যমে কঠিন বর্জ্য সংগ্ৰহ পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন হল। জেলার ৭৯টি পঞ্চায়েত থেকে নিয়মিত বর্জ্য সংগ্ৰহ করা হবে। মঙ্গলবার সকালে ঝাড়গ্রামের রাধানগর পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গণে জেলাশাসক সুনীল আগরওয়াল সবুজ পতাকা উড়িয়ে প্রকল্পের সূচনা করেন। অনুষ্ঠানে এডিএম(জেলা পরিষদ) দিলীপ মিশ্র, বিডিও জয় আহমেদ, ঝাড়গ্রাম জেলা পরিষদের সেক্রেটারি বিক্রম চট্টোপাধ্যায়, জেলা পরিষদের সহ-সভাধিপতি অঞ্জলি দলই, জেলা পরিষদের গ্ৰামীণ স্বাস্থ্য বিধানের কোঅর্ডিনেটর মুকুন্দরাম চক্রবর্তী ও বিভিন্ন পঞ্চায়েতের প্রধানরা উপস্থিত ছিলেন।
Advertisement
ঝাড়গ্রাম জেলাকে নির্মল জেলা হিসেবে গড়ে তুলতে চারটি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। সংগৃহীত প্লাস্টিক সেখানে প্রক্রিয়াকরণ করে পিচ রাস্তা তৈরির কাজে ব্যবহার হবে। সাঁকরাইল ব্লকে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রতিটি পঞ্চায়েতকে তিনটি করে ই-কার্ট দেওয়া হয়েছে। সংগৃহীত প্লাস্টিক রাখার জন্য শেড তৈরি হয়েছে। নির্দিষ্ট রুটম্যাপ ধরে ই-কার্ট বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ করবে। এজন্য টিম তৈরি করে দেওয়া হয়েছে।জেলাশাসক সুনীল আগরওয়াল অনুষ্ঠান মঞ্চ থেকে উপস্থিত গ্ৰামবাসীদের উদ্দেশে বলেন, পচনশীল ও অপচনশীল বর্জ্য বাড়িতে আলাদা করে রাখবেন। আবর্জনা সংগ্রহের গাড়ি এলে সেই বর্জ্য গাড়িতে দেবেন। ঝাড়গ্রাম ব্লকের পাটাশিমূল পঞ্চায়েতের প্রধান কল্যাণী রায় বলেন, আমাদের পঞ্চায়েতে ১০টি গ্ৰাম সংসদ আছে। আগামী কাল থেকে বর্জ্য সংগ্ৰহ শুরু করে দেওয়া হবে। নয়াগ্ৰাম ব্লকের জামিরপাল পঞ্চায়েতের প্রধান সঞ্জীব দাস মহাপাত্র বলেন, ই-কার্ট আমরা আগেই পেয়ে গিয়েছিলাম। বর্জ্য সংগ্রহের কাজও শুরু করে দিয়েছি।



