Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

গরমে অমিল পানীয় জল, রাস্তা অবরোধে ঝাড়বাগদার বাসিন্দারা

কয়েকদিন ধরে গ্রামে মিলছে না নলবাহিত পানীয় জল। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন পুরুলিয়ার মানবাজার ১ ব্লকের ঝাড়বাগদার মাঝিকুলি এলাকার বাসিন্দারা

গরমে অমিল পানীয় জল, রাস্তা অবরোধে ঝাড়বাগদার বাসিন্দারা
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানবাজার: কয়েকদিন ধরে গ্রামে মিলছে না নলবাহিত পানীয় জল। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন পুরুলিয়ার মানবাজার ১ ব্লকের ঝাড়বাগদার মাঝিকুলি এলাকার বাসিন্দারা। সোমবার সকাল ছয়টা থেকে মানবাজার-বরাবাজার রাস্তার ঝাড়বাগদা মোড়ে মানভূম কলেজের সামনে পথ অবরোধ শুরু হয়। চলে ঘণ্টা দুই। এর জেরে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে পড়ে যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহন। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মানবাজার ১ ব্লকের বিডিও দেবাশিস ধর। তিনি অবরোধকারীদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বাসিন্দারা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানবাজার ১ ব্লকের অন্তর্গত মানবাজার অঞ্চলের ঝাড়বাগদা গ্রামে নলবাহিত পানীয় জল সরবরাহ করা হয়। এছাড়া নেই কোনও বিকল্প জলের ব্যবস্থা। কিন্তু কয়েকদিন ধরে পানীয় জল মিলছে না বলে দাবি মাঝিখুলি এলাকার বাসিন্দাদের। গরমে পানীয় জল না মেলায় তীব্র অসুবিধার মধ্যে পড়েছেন বাসিন্দারা। প্রশাসনকে বিষয়টি জানিয়েও সুরাহা মেলেনি বলে অভিযোগ। এর প্রতিবাদে এদিন পথে নেমে বিক্ষোভ দেখান তাঁরা বিক্ষোভকারী এক মহিলা দাসী মাঝি বলেন, বৈশাখ মাস থেকেই পাড়ায় পানীয় জলের সমস্যা চলছে। চাহিদা অনুযায়ী জল পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে আমরা পঞ্চায়েত ও ব্লক অফিসে আগেই জানিয়েছি। কিন্তু বিষয়টি নিয়ে কেউ খোঁজ রাখেননি। আমরা চাই পাড়ায় বিকল্প নলকূপ এবং সোলার পাম্প তৈরি করা হোক। ঝাড়বাগদা গ্রামের মাঝি কুলির বাসিন্দা পার্বতী মাঝি জানান, গ্রামে জল না মেলায় বাধ্য হয়ে অন্যের নলকূপ থেকে জল আনতে হচ্ছে। অনেকেই জল দিতেও চাইছেন না। এতে খুব সমস্যায় পড়তে হচ্ছে। এর জন্যই পথ অবরোধ করা হয়েছে। আমরা চাই প্রশাসন থেকে পাড়ায় নলকূপ বসানো হোক। 
মাঝিকুলি এলাকায় পঞ্চাশটির বেশি পরিবারের বাস। অথচ সেখানে নেই কোনও নলকূপ বা সৌরচালিত পাম্প। এর ফলে টাইম কলে জল বন্ধ হয়ে গেলে হঠাৎ সমস্যায় পড়তে হয় বলে অভিযোগ। অন্যান্য এলাকায় জল সরবরাহ স্বাভাবিক থাকলেও ঝাড়বাগদা গ্রামে মিলছে না জল। এর আগেও এ বিষয়ে পথ অবরোধ করা হয়েছিল। স্থানীয়দের দাবি, অবরোধ করলে জল সরবরাহ ঠিক হয়। নাহলে কেউ বিষয়টি নিয়ে গুরুত্ব দিতে চান না। এদিন বাসিন্দারা রাস্তায় জলের পাত্র রেখে বিক্ষোভ দেখান।
এদিন সকাল ছ’টা থেকে পথ অবরোধ শুরু হয়, চলে আটটা পর্যন্ত। এরফলে রাস্তার দু’পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে আসেন মানবাজার থানার পুলিস। পরে ঘটনাস্থলে আসেন মানবাজার ১ ব্লকের বিডিও দেবাশীষ ধর। তিনি অবরোধকারীদের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বাসিন্দারা।স্বাভাবিক হয় রাস্তায় যানচলাচল।
এ বিষয়ে মানবাজার ১ ব্লকের বিডিও জানান, পাইপ লাইনের ভালভে লিকেজের সমস্যা দেখা দিয়েছে। সেই কারণে দু’দিন ধরে জল বন্ধ আছে। এর জন্য যাতে পানীয় জলের সমস্যা না হয়, সেজন্য ট্যাঙ্কারে করে জল সরবরাহ করা হচ্ছে। লিকেজ মেরামতের কাজ চলছে। আমি নিজে সরেজমিনে দেখে এসেছি। আশা করছি, শীঘ্রই জল সরবরাহ স্বাভাবিক হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ