Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জেসপ অধিগ্রহণ বিল আটকে ১০ বছর! বিবেচনার অনুরোধ জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি লিখল রাজভবন

রাজ্যের জেসপ অধিগ্রহণ বিল বিবেচনার অনুরোধ জানিয়ে এবার রাষ্ট্রপতিকে চিঠি দিল রাজভবন।

জেসপ অধিগ্রহণ বিল আটকে ১০ বছর! বিবেচনার  অনুরোধ জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি লিখল রাজভবন
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: রাজ্যের জেসপ অধিগ্রহণ বিল বিবেচনার অনুরোধ জানিয়ে এবার রাষ্ট্রপতিকে চিঠি দিল রাজভবন। সম্প্রতি রাজ্যপালের কাছে জেসপ রক্ষা কমিটির তরফে এনিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জেসপ নিয়ে রাজনৈতিক মহলে জোর তরজা শুরু হয়েছে। তৃণমূলের দাবি, রাষ্ট্রপতি অনুমোদন দিলে বহু আগেই জেসপ কারখানা চালু হত। বাংলা-বিরোধী বিজেপি চায় না যে জেসপ চালু হোক। পালটা দাবিসহ বিজেপি জানিয়েছে, জেসপের কর্মীদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে জেসপ বিল তৈরি হয়েছিল। এতদিন তা নিয়ে কোনো হেলদোল ছিল না তৃণমূলের। প্রতিবারের মতো এবারও ভোটের আগে মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে।

Advertisement


 ব্রিটিশ জমানায় তৈরি দমদমের ঐতিহাসিক জেসপ কারখানার উৎপাদন ২০১০ সালে বন্ধ হয়ে যায়। ২০১৩ সালে সাসপেনশন অব ওয়ার্ক ঘোষণা করা হয়। ২০১৪ সালের আগস্ট মাসে তা মাসছয়েকের জন্য খুললেও বন্ধ হয়ে যায় আবার। এরপর বন্ধ কারখানায় দেদার লুট ও জমি বেদখল শুরু হয়। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেসপ নতুন করে খুলতে ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি জেসপ অধিগ্রহণ বিল পাশ করিয়েছিলেন। কারখানার কর্মীদের মাসিক ১০ হাজার টাকা মানবিক ভাতা ও  ইএসআই সুবিধা করে দিয়েছেন। কিন্তু জেসপ অধিগ্রহণ বিল রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় দিল্লিতে পড়ে রয়েছে ১০ বছর! গত জানুয়ারি মাসে বিজেপি জেসপ বাঁচাও মঞ্চ তৈরি করে আন্দোলনে নেমেছে। এই পরিস্থিতিতে পালটা পথে নেমে তৃণমূলের শ্রমিক সংগঠন রাজ্যপালের সঙ্গে দেখা করে তাঁর হস্তক্ষেপ চায় ও স্মারকলিপি জমা দেয়। গত ৫ ফেব্রুয়ারি রাজ্যপালের ডেপুটি সেক্রেটারি ওই স্মারকলিপির প্রতিলিপি সংযোজন করে রাষ্ট্রপতির সেক্রেটারিকে চিঠি পাঠান। তাতে জেসপ অধিগ্রহণ বিল দ্রুত বিবেচনার অনুরোধ করা হয়েছে। জেসপ রক্ষা কমিটির নেতা তথা আইএনটিটিইউসি অনুমোদিত জেসপ ইউনিয়নের  সম্পাদক শ্রীকুমার বন্দ্যেপাধ্যায় বলেন, আমরা রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছিলাম। তিনি জেসপ বিল অনুমোদনের জন্য রাষ্ট্রপতিকে চিঠি পাঠিয়েছেন। কেন্দ্রীয় সরকার বাংলা-বিরোধী। জেসপ খুলুক তারা চায় না। তাই ওই বিল আটকে রাখা হয়েছে। বিজেপির মিথ্যাচারের ফানুস ফুটো হয়ে গিয়েছে। অন্যদিকে, জেসপ বাঁচাও মঞ্চের সভাপতি তথা বিজেপি নেতা অরিজিৎ বক্সি বলেন, আমরা জেনেছি জেসপ বিলে বহু খামতি ও সমস্যা রয়েছে। জেসপ কর্মীদের স্বার্থের বিষয়টি সেখানে বিশদে উল্লেখ করা নেই। এই খামতি দূর করে রাজ্য সরকার কেন এত বছর জেসপ বিল নতুন করে রাষ্ট্রপতির কাছে পাঠায়নি? দশবছর শীতঘুমে থেকে কার স্বার্থে জেসপের জমি ও কারখানার সামগ্রী লুট করানো হল? ভোটের আগে তৃণমূলের পরিকল্পিত ভাঁওতা ও মিথ্যাচার মানুষ ধরে ফেলেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ