


• শেষ হচ্ছে ‘চিরদিনই তুমি যে আমার’। জীতু কামাল অভিনীত জি বাংলার এই ধারাবাহিকের শেষ দিনের শ্যুটিং হল সম্প্রতি। সমাজমাধ্যমে সেই খবর নিজেই জানিয়েছেন অভিনেতা। এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘদিন পর টেলিভিশনে ফিরেছিলেন জীতু। জুটি বেঁধেছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সঙ্গে। প্রাথমিকভাবে দর্শক ভীষণ পছন্দ করেছিলেন সেই জুটি। তবে পরে ছেদ পড়ে জনপ্রিয় জুটিতে। দুই তারকার বিবাদ প্রকাশ্যে আসে। যার জেরে নজিরবিহীন সিদ্ধান্ত নেন দিতিপ্রিয়া। ধারাবাহিক ছাড়েন তিনি। তারপরই জীতু ঘোষণা করেন এটিই তাঁর শেষ ধারাবাহিক। বর্তমানে জীতুর বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী শিরিন পাল। ধারাবাহিক শেষ হওয়ার খবরে মন খারাপ অনুরাগীদের। অন্তিম দিনের শ্যুটিংয়ের পর মেকআপ রুমের ভিডিয়ো শেয়ার করেছেন জীতু। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার এক পোস্টে টেকনিশিয়ানদের ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা। তিনি লেখেন, ‘আমার যত সখ্যতা সবই টেকনিশিয়ানদের সঙ্গে। আর্টিস্টদের সঙ্গে আমার সখ্যতা গড়ে ওঠে না। আমি খুব একটা কথা বলতে পারি না তাঁদের সঙ্গে, ভয় পাই। তাই দূরে দূরে থাকি।’