জল্পনার ইতি। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে হচ্ছে না নায়কের মুখ বদল। অর্থাৎ অভিনেতা জীতু কামালই থাকছেন আর্য সিংহ রায়ের চরিত্রে। ধারাবাহিকের মুখ্য চরিত্র আর্য-অপর্ণা অর্থাৎ দিতিপ্রিয়া রায় ও জীতুর বিবাদ নিয়ে গত কয়েকদিন ধরেই ইন্ডাস্ট্রি সরগরম। দুই তারকার বিবাদ মেটাতে বৈঠকও ডাকা হয়েছিল। যদিও সেখানে সমাধান সূত্র পাওয়া যায়নি বলে শোনা যায়। এর মাঝেই বৃহস্পতিবার প্রকাশ্যে আসে টিআরপি তালিকা। সেখানে প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে ধারাবাহিকটি। ফলে এই সময় নায়কের মুখ বদল হলে তা সিরিয়ালের জন্য ভালো হবে না, তা বিলক্ষণ জানেন সকলেই। সে কারণেই প্রজেক্ট না ছাড়ার সিদ্ধান্ত জীতুর। বৃহস্পতিবার রাতে সমাজমাধ্যমের একটি পোস্টে তিনি লিখেছেন, ‘শুধুমাত্র টেকনিশিয়ান ও দর্শকের কথা মাথায় রেখে আমি আবারও প্রজেক্টটিতে জয়েন করতে বাধ্য হলাম। আশা করি আর কোনও অনভিপ্রেত ঘটনা ঘটবে না।’ তাঁর সংযোজন, ‘আমি আবার কলটাইম পেয়েছি।’ শুক্রবার সিরিয়ালের শ্যুটিং হয়েছে বলে খবর।



