Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

তরজায় জীতু

অভিনেতা জীতু কামালকে ঘিরে ফের বিতর্ক। মঙ্গলবার সকাল থেকে তা ঘিরে তরজা সিনে ইন্ডাস্ট্রির অন্দরে

তরজায় জীতু
  • ১৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অভিনেতা জীতু কামালকে ঘিরে ফের বিতর্ক। মঙ্গলবার সকাল থেকে তা ঘিরে তরজা সিনে ইন্ডাস্ট্রির অন্দরে। দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের দাবি সহ একাধিক অভিযোগ উঠেছে অভিনেতার বিরুদ্ধে। শোনা যাচ্ছে, এর জন্য ‘এরাও মানুষ: দ্য সার্চ উইদিন’ ছবিটি নাকি ছাড়তে হয়েছে তাঁকে। যদিও এর পালটা পদক্ষেপ নিয়েছেন অভিনেতা। নির্মাতাদের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হতে চলেছেন তিনি। 

Advertisement

জানা গিয়েছে, এই ছবিকে কেন্দ্র করে পরিচালক সাঁইপ্রকাশ লাহিড়ীর সঙ্গে জীতু কামালের বিবাদ বাঁধে। পরিচালকের অভিযোগ, প্রথম থেকেই নাকি শ্যুটিংয়ে অসহযোগিতা করছিলেন জীতু। এমনকি শ্যুটিং ফ্লোরেও নাকি অনেকের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন তিনি। আর দিন দুয়েকের শ্যুটিং বাকি ছিল। তখন সমস্যা এতটাই গুরুতর হয় যে বাকি অংশের কাজ শেষ করা নিয়ে সমস্যা তৈরি হয় গোটা ইউনিটে। অভিযোগ, দু’দিন পুরো সময় কাজ করতে অস্বীকার করলেও জীতু নাকি সম্পূর্ণ পারিশ্রমিক দাবি করেছিলেন। 
এসব অভিযোগের তির যাঁর দিকে, সেই জীতুর সঙ্গে যোগাযোগ করা হয়। গোটা বিষয় নিয়ে ক্ষোভ উগরে দিলেন অভিনেতা। ফোনে তিনি বলেন, ‘প্রথম থেকেই তারিখ নিয়ে একাধিকবার সমস্যা তৈরি করেছেন প্রযোজক-পরিচালক। অপমানজনক কথা বলেছেন। টাকা দিয়ে কাউকে কিনে নেওয়া যায় না, এটা পরিচালককে বুঝতে হবে। আত্মসম্মান আমার কাছে সবার আগে প্রাধান্য পায়। তা বিকিয়ে দিয়ে কাজ করতে পারব না। আমি এই ঘটনা ফেডারেশনকে জানিয়েছি। এই বিষয়ে শীঘ্রই আইনের দ্বারস্থ হব।’ জীতুর দাবি, তাঁর কাছে সব প্রমাণ রয়েছে। প্রয়োজনে সঠিক জায়গায় সমস্ত প্রমাণ দেবেন তিনি। তবে কি এই ছবিটি থেকে বাদ পড়লেন অভিনেতা? জবাবে জীতু বলেন, ‘এবার যা বলব, আইনের পথেই বলব।’ উল্লেখ্য, এই ছবির শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালেও ভরতি হতে হয়েছিল। সেই অসুস্থতার সময় নির্মাতাদের তরফে সাহায্য পাননি বলেই দাবি করেছেন জীতু। 
সমাজমাধ্যমেও বিষয়টি নিয়ে সরব হয়েছেন নায়ক। একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে পরিচালকের উদ্দেশে তিনি লেখেন, ‘আপনি ফ্লোরে ভালো কাজ করেছেন। ভবিষ্যতেও খুব ভালো কাজ করবেন, কিন্তু টাকার অহংকার আপনার একটা ত্রুটি।’ তাঁর সংযোজন, ‘টাকা দিচ্ছেন বলে মানুষকে কুকুর, বিড়াল ভাবা বন্ধ করতে হবে।’ জীতুর অভিযোগ, নির্মাতারা দ্বিচারিতা করছেন। মিথ্যার আশ্রয় নিচ্ছেন। এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন তিনি। পরিচালক বনাম অভিনেতার এই বিবাদের জল আরও কত দূর গড়ায় এখন সেই দিকেই নজর রয়েছে সকলের। 
এর আগে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের সহঅভিনেত্রীর সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন অভিনেতা। শোনা যায়, সেই বিবাদের জেরেই নাকি ধারাবাহিকটি ছেড়ে দিয়েছিলেন সহঅভিনেত্রী। এমনকি জীতুও দাবি করেছিলেন, এটিই তাঁর শেষ ধারাবাহিক। আর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করবেন না। এবার ছবির ফ্লোরেও তাঁকে ঘিরে সমস্যা তৈরি হল।  

Advertisement
সম্পর্কিত সংবাদ