Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জ্বলন্ত খড়ের গাদা থেকে মহিলার পোড়া দেহ উদ্ধার

জ্বলন্ত খড়ের গাদা থেকে মহিলার পোড়া দেহ উদ্ধার
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বারুইপুর: ফাঁকা মাঠের এক কোণে জ্বলন্ত খড়ের গাদা থেকে এক মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ফলতায়। বুধবার ঘটনাটি ঘটেছে ফলতা থানার বেলসিংহা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রীচাদা বুদা এলাকায়। সন্ধ্যা পর্যন্ত ওই মৃতার পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ফলতা থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
Advertisement
এদিন সকালে গ্রামের ওই ফাঁকা মাঠে খড়ের গাদায় আগুন জ্বলতে দেখেন গ্রামের লোকজন। তাঁরা জল দিয়ে আগুন নেভাতে গিয়ে দেখেন, এক মহিলার অর্ধদগ্ধ দেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিসকে খবর দেওয়া হয়। কীভাবে ফাঁকা মাঠে খড়ের গাদার মধ্যে মহিলার দেহ এল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। মৃত্যুর আগে মহিলার উপর কোনও নির্যাতন হয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিস। মহিলার পরিচয় জানার জন্য আশপাশের থানায় মহিলার ছবি পাঠানো হয়েছে। গ্রামের বাসিন্দাদের সঙ্গেও কথা বলছে পুলিস। ওই নির্জন এলাকায় গ্রামের বাসিন্দারা খুব একটা যান না। সেই সুযোগ কি কাজে লাগিয়েছে দুষ্কৃতীরা? মহিলার পরিচয় আড়াল করতেই কি দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে, এই প্রশ্নও উঠতে শুরু করেছে। পুলিস অকুস্থল ঘিরে রেখেছে। সেখান থেকে নমুনা সংগ্রহের কাজ চলছে। স্থানীয় বাসিন্দারা বলেন, মহিলাকে খুন করে দেহ এনে আগুন ধরিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। এই কাজ কারও একার পক্ষে সম্ভব নয়। এই ঘটনায় একাধিক লোক জড়িত থাকতে পারে। দেহটি পুড়ে যাওয়ায় চেনা অসম্ভব হয়ে পড়েছে। পুলিস তদন্ত শুরু করেছে। ডায়মন্ডহারবার পুলিস জেলার এক আধিকারিক বলেন, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ