সংবাদদাতা, বারুইপুর: পিছন থেকে মুখ চাপা দিয়ে এক যুবক ঝোপের মধ্যে টেনে নিয়ে নির্যাতন করেছে তাঁকে। হাসপাতালের বেডে শুয়ে পুলিশের কাছে এমনই শিউরে ওঠার মতো বিবরণ দিয়েছেন নির্যাতিতা বৃদ্ধা। জয়নগর কাণ্ডে এই তথ্য সামনে আসতেই শোরগোল পড়েছে। রবিবার ঘটনার পরপরই সন্দেহজনক এক যুবককে আটক করেছিল বকুলতলা থানার পুলিশ। তাঁকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম সফিকুল লস্কর। বৃদ্ধার বয়ানের ভিত্তিতে ওই যুবককে জেরা করা হয়। পুলিশের দাবি, অপরাধ স্বীকার করেছে ওই যুবক। যদিও জয়নগরের ময়দা দক্ষিণপাড়া এলাকার লোকজনের দাবি, বৃদ্ধা অসুস্থ হওয়ায় ঠিক বলতে পারছেন না। ওই ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে। সবাইকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁরা। এদিকে, এলাকায় মদ-গাঁজার ঠেক বন্ধের দাবিতে সোমবার সকাল থেকে ময়দা দক্ষিণপাড়া এলাকায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করেন এলাকার বাসিন্দারা। বকুলতলা থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে মহিলারা বিক্ষোভ দেখান। জয়নগরের বিজেপি নেতা অলোক হালদার ঘটনাস্থলে গেলে, তাঁকেও এই ব্যাপারে অভিযোগ জানানো হয়। পরে বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে অবরোধ তুলে নেওয়া হয়। এদিকে, ওই বৃদ্ধা বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন। বারুইপুর পুলিশ জেলার এক আধিকারিক বলেন, এলাকায় মদ-গাঁজার বিরুদ্ধে জোরদার অভিযান চলছে। ঘটনায় আর কেউ জড়িত থাকলে তাঁকে গ্রেপ্তার করা হবে।



