নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১ আগস্টের মধ্যে শহরের ২৫ শতাংশ বেসরকারি বাসের অবস্থান যাত্রীসাথী অ্যাপে দেখা যাবে। বৃহস্পতিবার পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর নেতৃত্বে এক উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেখানে বেসরকারি বাস মালিক, পুলিস এবং পরিবহণ কর্তারা ছিলেন। মহানগরীর গণপরিবহণকে প্রযুক্তির সাহায্যে আরও স্মার্ট করে তোলার লক্ষ্যে দীর্ঘ আলোচনা হয়। বেসরকারি বাস চালককে গাড়ি ছাড়ার মুহূর্তে মোবাইলে বিশেষ অ্যাপে লগইন করতে হবে। তার মাধ্যমে গোটা যাত্রাপথে ওই বাসের অবস্থান সংশ্লিষ্ট অ্যাপ ব্যবহারকারী লাখ লাখ মানুষ সহজেই জানতে পারবেন। এক্ষেত্রে বাসের আশায় রাস্তায় তীর্থের কাকের মতোই দাঁড়িয়ে যাত্রীদের অপেক্ষার দিন শেষ হতে চলেছে। মুঠো ফোনে অ্যাপে ক্লিক করলেই নিজেদের গন্তব্যের বাসের অবস্থান নিমিষে চোখ বুলিয়ে নিতে পারবেন। পুজোর আগে বেসরকারি বাসের বড় অংশকে এই প্রযুক্তির বেড়াজালে বাঁধতে চাইছে রাজ্য। যদিও এই ইস্যুতে গত সাড়ে তিনমাসে এটি নিয়ে মোট ১৭টি বৈঠক অনুষ্ঠিত হল।



