Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

কাবুলে পুনরায় ভারতীয় দূতাবাস খুলছে জানালেন জয়শঙ্কর, ভারতকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ বললেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী

প্রায় চারবছর আগে আফগানিস্তানে পুনরায় ক্ষমতা দখল করেন তালিবানরা। নির্বাচিত সরকার ফেলে ২০২১ সালের আগস্টে কাবুলে প্রবেশ করে তালিবান গোষ্ঠী

কাবুলে পুনরায় ভারতীয় দূতাবাস খুলছে জানালেন জয়শঙ্কর, ভারতকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ বললেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী
  • ১০ অক্টোবর, ২০২৫ ১৪:১০
Prefer us on Google

নয়াদিল্লি, ১০ অক্টোবর: প্রায় চারবছর আগে আফগানিস্তানে পুনরায় ক্ষমতা দখল করেন তালিবানরা। নির্বাচিত সরকার ফেলে ২০২১ সালের আগস্টে কাবুলে প্রবেশ করে তালিবান গোষ্ঠী। তারপর থেকেই বেশ কিছু মাস অশান্তি দেখা দেয় আফগানিস্তানে। ভারতও কাবুলে থাকা তাঁদের দূতাবাস বন্ধ করে দেয়। বিশেষ বিমানে করে দূতাবাসে থাকা কর্মীদের ফিরিয়ে নিয়ে আসে নয়াদিল্লি। তবে ধীরে ধীরে আফগানিস্তানের দিকে সাহায্যের হাত বাড়াতে থাকে ভারত। কারণ একটাই, ‘শত্রুর শত্রু আমার বন্ধু’।

Advertisement

পাকিস্তানকে ঠেকাতে আফগানিস্তানের তালিবান সরকারের পাশে ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ে নয়াদিল্লি। এখন দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হয়েছে। তার প্রমাণ আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফর। সাতদিনের সফরে গতকাল, বৃহস্পতিবার ভারতে এসেছেন মুত্তাকি। আজ, শুক্রবার তাঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। সেখানেই তিনি জানান, কাবুলে থাকা ভারতীয় দূতাবাস ফের খোলা হচ্ছে। টেকনিক্যাল মিশনকেই পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় দূতাবাসে পরিণত করা হবে।

পাশাপাশি ভারতের বিদেশমন্ত্রী বলেন, ‘আফগানিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং স্বাধীনতাকে সমর্থন করে ভারত। নয়াদিল্লির টেকনিক্যাল মিশন কাবুলে রাষ্ট্রীয় দূতাবাসের মর্যাদা পাবে।’ নয়াদিল্লিকে পাল্টা ‘ঘনিষ্ঠ বন্ধু’ বলে সম্বোধন করেছেন আফগানমন্ত্রী। তিনি আরও বলেন, ‘আশা করছি, দুই দেশের মধ্যে ঘনিষ্ঠতা আরও বাড়বে। যোগাযোগ এবং বিনিময় বৃদ্ধি পাবে।’ আফগানিস্তানের কাবুল ও নয়াদিল্লির মধ্যে আরও বেশি মাত্রায় সরাসরি বিমান পরিষেবার আর্জি জানিয়েছেন তিনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ