চেন্নাই, ২৭ অক্টোবর: রাত তখন গভীর। জেলের চার দেওয়ালের ভিতরে আচমকাই বদলে গেল পরিস্থিতি। এক বন্দির অসুস্থতার খবর পেয়ে তাঁকে দেখতে সেলে ঢুকেছিলেন জেলকর্মীরা। কিন্তু সেই মুহূর্তেই পরিস্থিতি ভয়াবহ মোড় নেয়। অভিযোগ, জেলকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়েন সেলে বন্দি থাকা অভিযুক্তরা। পাশাপাশি তাঁদের উপর হামলা চালিয়ে একসঙ্গে চম্পট দেয় ১৭ জন বন্দি। সোমবার গভীর রাতে তামিলনাড়ুর থেনি জেলার সাব-জেলে ঘটে যাওয়া এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে পুলিশ ও প্রশাসনের অন্দরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একই সেলে বন্দি ছিলেন ১৭ জন অভিযুক্ত। তাঁদের মধ্যে এক জন অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পান জেলকর্মীরা। সেই খবরের ভিত্তিতেই বন্দির খোঁজ নিতে সেলে প্রবেশ করেন তাঁরা। অভিযোগ, সেই সুযোগকে কাজে লাগিয়েই জেলকর্মীদের উপর হামলা চালান বন্দিরা। আচমকা এই আক্রমণের সুযোগে সেল থেকে বেরিয়ে পালিয়ে যান ১৭ জনই। কীভাবে এত জন বন্দি একযোগে জেলের নিরাপত্তা বলয় ভেঙে পালিয়ে গেলেন, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। জেলের ভিতরে নিরাপত্তার কোনও বড়সড় ফাঁক ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ঘটনার পরেই পলাতকদের ধরতে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। পুলিশের এক উচ্চ আধিকারিক জানান, অভিযানের সময় এক পলাতককে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ১৬ জনের সন্ধানে পুলিশের ১৭টি বিশেষ দল গঠন করা হয়েছে। পলাতকদের দ্রুত ধরতে শুধু থেনি নয়, আশপাশের এলাকাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিবেশী জেলায় ১৬টি জায়গায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি মাদুরাই এবং কেরলের ইদুক্কি জেলার পুলিশকেও সতর্ক করা হয়েছে। পলাতক বন্দিদের ছবি বিভিন্ন পুলিশ আধিকারিকের কাছে পাঠানো হয়েছে, যাতে তাঁদের শনাক্ত করা এবং গতিবিধির খবর পাওয়া সহজ হয়।



