সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: চন্দননগরের মত ফি বছরই চমক নিয়ে আসে জয়নগরের সরবেড়িয়ায় বেশ কয়েকটি জগদ্ধাত্রী পুজো কমিটি। মজিলপুরের জগদ্ধাত্রী পুজোতেও থাকে চমক। পিছিয়ে নেই মন্দিরবাজারের লক্ষ্মীকান্তপুরের পুজো।
জয়নগরের সরবেড়িয়া সাহাপাড়া গ্রামবাসীবৃন্দের পুজোর এবার ২৭ বছর। এখানে মা রাজরানি বেশে আসেন। এই রানি মা যেন সাহাপাড়ার নিজেদের মেয়ে। ইতিমধ্যেই পুজোর উদ্বোধনও হয়ে গিয়েছে। পুজো কমিটির কর্তা সৌমেন সাহা বলেন, সোনা ও রুপোর গয়নায় সেজে ওঠেন মা রাজরানি। পুজোকে ঘিরে নানা অনুষ্ঠান হয়। পাশাপাশি সরবেড়িয়া গ্রামবাসীবৃন্দের পুজোর এবার ২৩ বছর। এখানে মায়ের সাবেকি রূপ তুলে ধরা হয়েছে। পুজো কমিটির কর্তা সুমন্ত সাহা বলেন, চন্দননগরের আলোকসজ্জা আমাদের আকর্ষণ। পুজোকে ঘিরে মেলা বসে গিয়েছে রাস্তার ধারে। নবমীতে হবে নরনারায়ণ সেবা। জয়নগর মজিলপুর শহরের মজিলপুর দত্তপাড়া ফুলবাগানের জগদ্ধাত্রী পুজো এবার ৪৪ বছরে পড়েছে। পুজো কমিটির কর্তা শ্যামল ভট্টাচার্য ও রাখী ভট্টাচার্য বলেন, মা আমাদের মহারানি। ১৭ ফুট উঁচু মায়ের মূর্তি সোনার গয়নায় সাজবে। পুজো দেখতে ভিড় জমায় দূরদুরান্তের মানুষ। জয়নগরের বেলিয়াচণ্ডী গ্রামবাসীবৃন্দের পুজোর এটা ৭৬ বছর। এই পুজোর বিশেষ আকর্ষণ ৭০০ মিটার জুড়ে চন্দননগরের আলোকসজ্জা। মায়ের মূর্তি হয় সাবেকি। পুজো কমিটির কর্তা মাতু হাজরা বলেন, রোজ মায়ের বিভিন্ন ভোগ বিতরণ করা হবে।
জয়নগরের পাশাপাশি মন্দিরবাজারের লক্ষ্মীকান্তপুর সাংস্কৃতিক সংঘের উদ্যোগে নটের মাঠে পুজো এবার ২৮ বছরে পড়েছে। পুজো কমিটির কর্তা রাজু মণ্ডল বলেন, মৌমাছির চাকের আদলে মণ্ডপে থাকবেন মা জগদ্ধাত্রী। এছাড়া আলোকসজ্জাতেও আকর্ষণ থাকে। পুজোকে ঘিরে এক সপ্তাহ ধরে মেলা বসে। মন্দিরবাজারের সিনেমাতলা জগদ্ধাত্রী সেবা সমিতির পুজো এবার ৪১ বছরে পড়েছে। পুজোয় আকর্ষণ মায়ের সাবেকি মূর্তি ও আলোকসজ্জা। মথুরাপুরের রামবাটি নেতাজি সংঘের পুজো এবার ২০ বছরে পড়েছে। পুজোকে ঘিরে পাঁচদিন ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।



